'নদীর দুপাড়ের ৫০ গজ জমি নদীর'
‘নদীর দুই পাড়ের ৫০ গজ করে জমি নদীর জমি। এ জমি ব্যক্তিমালিকানায় হতে পারে না। কোনো দখলদার নদীর জমি দখল করে রাখতে পারেন না।’
কথাগুলো বলেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম।
আজ বৃহস্পতিবার ফরিদপুরে জেলা নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আতাহারুল ইসলাম। ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম বলেন, ‘নদীর জমি ছাড়াও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নদীর পাড়ের অনেক জমি অধিগ্রহণ করেছিল। যে কারণে পাউবো ওসব জমি অধিগ্রহণ করেছিল, তারা পরবর্তীকালে ওই জমিতে সে কাজ না করে অন্যায় করেছে। আবার সেই জমি মানুষের নামে ইজারা দিয়ে পাউবো পাপ করেছে, এটা একটি শাস্তিযোগ্য অপরাধ।’
নদীর দুই পাড়ের অবৈধ দখল উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, যাঁরা অবৈধ দখলে আছেন, তাঁরা নিজেরাই ভালোভাবে জানেন, এ জমির মালিক তাঁরা নন। তাঁদের অবশ্যই জায়গা ছেড়ে দিতে হবে। তাঁদের এখনই জায়গা খুঁজে বের করা উচিত।
পানি রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, দেশের ৮০ ভাগ মামলা হয় জমি ভুল রেকর্ড করার জন্য। ভূমির সঙ্গে জড়িত ব্যক্তিরা বুঝে বা ভুল বুঝে এসব কাজ করেছেন। আর নদীর গতি পরিবর্তনজনিত বিষয়ে অতীতে জেলা প্রশাসক ও ইউএনওরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলেই পরিস্থিতি দিনে দিনে জটিল হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পানি রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন। তিনি বলেন, নদীর দখল করা জায়গা মুক্ত করতে হবে। পাউবো যেসব জমি ইজারা দিয়েছে, তা বাতিল করতে হবে। ফরিদপুরে কুমার নদ খনন শুরু আগে নদীর সীমানা নির্ধারণ করা ও নদী গবেষণা ইনস্টিটিউটের পরামর্শ নিয়ে করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। তিনি বলেন, ‘নদী রক্ষা কমিটি নিয়ে কয়েক মাস কাজ করতে গিয়ে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি নদীর রক্ষার কাজটি সহজ নয়।’
সভায় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, ফরিদপুর সদর এলাকায় কুমার নদের জমি অবৈধ দখল করে ৭৫৮টি অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামরুজ্জামান, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী, জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ, ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী পরিচালক জাহাঙ্গির হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হোসেন প্রমুখ।
সভায় জানানো হয়, ২০৭২ দশমিক ২৬ বর্গকিলোমিটার আয়তনের ফরিদপুর জেলায় মোট নদী রয়েছে ১১টি। এ নদীগুলোর মোট দৈর্ঘ্য ৪৪৬ দশমিক ৪০ কিলোমিটার।