'নদীর পানি নিয়ে ভারতের আধিপত্য বন্ধ করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রাণ হলো নদী। তাই নদীর পানি নিয়ে ভারতের আধিপত্য ও ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। অন্যথায় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব হারাতে হবে। কারণ, বন্ধুত্ব মানে ভারতের কাছে শর্তহীন আত্মসমর্পণ নয়।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘তিস্তা মার্চের’ শুরুতে এক সমাবেশে এ কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আন্তর্জাতিক নদীর পানি ভারত কর্তৃক একতরফা প্রত্যাহার বন্ধ ও তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এ লংমার্চের আয়োজন করেছে।
সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, দেশে ক্ষমতার পালাবদল হয়। কিন্তু পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয় না। এভাবে চলতে থাকলে দেশের নদীগুলোর অস্তিত্ব হারিয়ে যাবে। তাই নদী রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বন্দর-বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ভারতের ‘ধ্বংসাত্মক কর্মকাণ্ডের’ ফলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হচ্ছে। কিন্তু এ বিষয়ে সঠিক দায়িত্ব পালন করছে না সরকার। বরং নদীগুলোকে দখলদারদের হাতে ছেড়ে দিয়েছে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ক্ষমতায় টিকে থাকতে নিজেদের স্বার্থ বিলীন করে বিদেশিদের স্বার্থ রক্ষা করছে দেশের রাজনৈতিক দলগুলো। তাই পানির ন্যায্য দাবি আদায়ে দেশের সচেতন জনগণকে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে লড়াই করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশে আন্তর্জাতিক নদী তিস্তার পানিপ্রবাহ সাম্প্রতিক মাসগুলোতে অব্যাহতভাবে কমছে। বর্তমানে পানিপ্রবাহ কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কৃষিজমিতে সেচের কাজ। হুমকির মুখে পড়েছে অববাহিকা অঞ্চলের জীববৈচিত্র্য। এ নিয়ে বাংলাদেশ সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেও দিল্লির কাছ থেকে ইতিবাচক সাড়া পায়নি।
চলমান অবস্থার প্রতিবাদে ও তিস্তার পানির ন্যায্য ভাগ দাবি করে গণতান্ত্রিক বাম মোর্চা ৮ থেকে ১০ এপ্রিল রাজধানী থেকে তিস্তা ব্যারাজ পর্যন্ত লংমার্চ করে। এ দাবিতে বিএনপিও ২২-২৩ এপ্রিল লংমার্চ করবে।
সিপিবি-বাসদের গতকালের সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল মতিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি রাগীব আহসান প্রমুখ। সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বিকেল চারটার দিকে লংমার্চ যাত্রা শুরু করে। লংমার্চে অংশ নেওয়া নেতা-কর্মীরা সন্ধ্যা সাড়ে সাতটায় গাজীপুর চৌরাস্তায় একটি সমাবেশের আয়োজন করেন। রাতে সিরাজগঞ্জ পৌঁছে তাঁদের সেখানে অবস্থান করার কথা। ১৯ এপ্রিল লালমনিরহাট জেলায় তিস্তা ব্যারাজের সাধু বাজারে জনসভার মাধ্যমে শেষ হবে এই কর্মসূচি। তিস্তা ব্যারাজের অবস্থান হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে।
গতকাল রাতে বগুড়া প্রতিনিধি জানান, সিপিবি ও বাসদের তিস্তামুখী লংমার্চ আজ শুক্রবার বগুড়ায় পৌঁছার কথা। বিকেল চারটার দিকে শহরের সাতমাথায় লংমার্চে অংশগ্রহণকারীরা সমাবেশ করবেন। জেলা সিপিবির সভাপতি জিন্নাতুল ইসলাম প্রথম আলোকে বলেন, সমাবেশ শেষে লংমার্চে অংশ নেওয়া নেতা-কর্মীরা বগুড়ায় রাত কাটাবেন। শনিবার সকাল আটটায় শহরের সাতমাথা থেকে লংমার্চ আবার আনুষ্ঠানিকভাবে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করবে।