'নদীর ভাঙনে ঘুম ভাঙে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা নদীর ভাঙনে গাইবান্ধার সাঘাটা উপজেলার বড়মতাইর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
যমুনা নদীর ভাঙনে গাইবান্ধার সাঘাটা উপজেলার বড়মতাইর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

নজরুল ইসলাম একজন কৃষি কর্মকর্তা। সম্প্রতি অবসরে যাওয়ার পর গ্রামের বাড়ি বড়মতাইরে থাকেন। যমুনা নদীর তীরেই তাঁর বাড়ি। নজরুল ইসলাম বললেন, সংসারের এটা-সেটা কাজ করে গভীর রাতে বিছানায় যাই। ক্লান্ত শরীরে দ্রুত ঘুম আসে। হঠাৎ ভাঙনের শব্দে ঘুম ভেঙে যায়। ঘুমভাঙা চোখে আতঙ্কিত হয়ে পড়ি—এই বুঝি ঘরবাড়ি ভেসে যায়! জেগে উঠে নদীর তীর থেকে ঘুরে আসি। আবার ঘুম, আবার একই সমস্যা। এভাবে নির্ঘুম রাত কাটে।’
নজরুলের মতো গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের বড়মতাইর গ্রামের সবাই প্রায় একই আতঙ্কে ভুগছেন।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্র জানায়, পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়। গত তিন সপ্তাহের ব্যবধানে সাঘাটার বড়মতাইর ও গোবিন্দি গ্রামের শতাধিক ঘরবাড়ি, অসংখ্য গাছপালা ও আবাদি জমি যমুনায় বিলীন হয়েছে। প্রতিদিন নতুন এলাকা হুমকির সম্মুখীন হচ্ছে।
গতকাল মঙ্গলবার ভাঙনকবলিত ওই দুটি গ্রাম ঘুরে দেখা গেছে, ভাঙনের আতঙ্কে কেউ ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন, কেউ গাছ কাটছেন। বাইরের কোনো লোককে দেখলেই তাঁরা ঘিরে ধরেন। তাঁদের সামনে ভাঙন ঠেকানোর দাবি জানান।
বড়মতাইর গ্রামের কৃষক আতাউর রহমান (৫০) বললেন, ‘গত তিন সপ্তাহে যমুনার ভাঙনে আমার চারটি ঘর বিলীন হয়েছে। জমিজমা, গাছপালা চলে গেছে। আমরা নিঃস্ব হয়েছি। নদীর কাছেই একচালা ঘরে দিন পাড়ি দিচ্ছি। তাতেও শান্তি নেই। রাতে ভাঙনের শব্দে ঘুমাতে পারি না। অথচ ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ একই গ্রামের কৃষক জোবায়ের আলী (৫৫) বললেন, ‘হামার ঘরে তিনট্যা ঘর ভাঙি গেচে। সাত দিন থাকি হামরা মানসের জাগাত আচি। হামরা ইলিপ চাইনে, ভাঙার হাত থাকি হামার ঘরোক বাঁচান।’ একই গ্রামের স্কুলশিক্ষক আলম মিয়া বলেন, ‘পানির চাপে প্রথমে ফাটল দেখা দেয়। কিছুক্ষণ পরপর বিশাল অংশ ভেঙে যায়। বিশেষত রাতে ওই শব্দ বেশি কানে আসে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ ফুট এলাকা নিশ্চিহ্ন হচ্ছে। ভাঙন অব্যাহত থাকলে গোটা গ্রাম কদিনেই বিলীন হবে।’
গোবিন্দি গ্রামের কৃষক মোস্তা মিয়া (৪০) বললেন, ‘তিন সপ্তাহে আমার দুটি ঘর ও এক বিঘা জমি নদীতে বিলীন হয়। পড়শির বসতভিটায় ঘর তুলে আছি। কিন্তু ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ গোবিন্দি গ্রামের সামছুল হক বলেন, ‘ভাঙনরোধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী বরাবরে লিখিত আবেদন দেওয়া হয়েছে। কিন্তু পাউবোর পক্ষ থেকে কোনো কাজ করা হচ্ছে না।’
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, বড়মতাইর ও গোবিন্দি এলাকায় ভাঙন প্রতিরোধে নদীতীরে বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ স্থাপনের কাজ চলছে।