‘নবীন-প্রবীণ প্রকৌশলীদের কাজে লাগালে উন্নয়ন ত্বরান্বিত হবে’
নবীন-প্রবীণ প্রকৌশলীদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগালে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠানে এ অভিমত দিলেন সাবেক দুজন উপাচার্য।অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। তিনি দেশের উন্নয়নে বুয়েটের প্রকৌশলীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।এবারের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রতিপাদ্য: ‘মহান ভাষা আন্দোলনের ৬০ বছর’। এর পরিপ্রেক্ষিতে মুহাম্মদ হাবিবুর রহমান তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের ৬০ বছরেও দেশে সাক্ষরতা অভিযান শেষ হয়নি বলে আক্ষেপ করেন। তিনি বলেন, ‘খুবই সাধারণ বিষয়, যেমন নির্বাচনী ব্যালট পেপারে অক্ষরের বদলে যখন নৌকা, ধানের শীষ বা হুঁক্কা, দাঁড়িপাল্লা থাকে, তখন নিরক্ষরদের ধ্যান থাকে ছবির প্রতি। সে ক্ষেত্রে দেশের সাক্ষরতার হার বাড়ার সম্ভাবনা কোথায়?’ বুয়েটের সাবেক উপাচার্য আ ম ম সফিউল্লাহ বলেন, ‘প্রাক্তন ছাত্রদের অনেকেই কিছু না কিছু কাজ করতে চান। এসব অ্যালামনাইকে কাজে লাগানো সম্ভব হলে দেশের উন্নয়ন হবে।’ আরেক সাবেক উপাচার্য এম এইচ খান বলেন, ‘নবীন-প্রবীণ প্রকৌশলীদের মেধা ও দক্ষতা-অভিজ্ঞতা কাজে লাগালে দেশের উন্নতি সময়ের ব্যাপার মাত্র।’সাবেক উপাচার্য নূরউদ্দীন আহমদ বলেন, বুয়েট অনেক পথ পাড়ি দিয়ে একটি পরিণত প্রতিষ্ঠান হয়েছে। কিন্তু বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পাল্লা দিতে হলে আরও পরিশ্রম, নিত্যনতুন গবেষণা ও আর্থিক বরাদ্দ প্রয়োজন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জামিলুর রেজা চৌধুরী প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মানসূচক উত্তরীয় ও ক্রেস্ট তুলে দেন।