'নব্বইয়ে নজরুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম
অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম

শ্রদ্ধা ও ভালোবাসায় ৯০তম জন্মদিনটি পার করলেন বর্ষীয়ান শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি পূর্ববঙ্গ প্রগতি লেখক ও শিল্পী সংঘের শুরুর দিককার সভাপতি। দীর্ঘদিনের শিক্ষকতা পেশায় বিভিন্ন ক্যাডেট কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে এই গুণী শিক্ষাবিদের কৃতী ছাত্ররা।
প্রিয় শিক্ষক নজরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানাতে তাঁর ৯০তম জন্মদিনকে বেছে নেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ওল্ড ফৌজিয়ানস অ্যাসোসিয়েশন’ ও বিস্তার আর্ট কমপ্লেক্স। তাদের আয়োজনে গত বুধবার রাতে নগরের এম এ আজিজ-সংলগ্ন ‘হল ২৪’ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রিয় শিক্ষককে শুভেচ্ছা জানাতে আসেন তাঁর ছাত্র, অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।
‘নব্বইয়ে নজরুল’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শন হয় মোহাম্মদ নজরুল ইসলামের শিক্ষা ও কর্মজীবন নিয়ে তৈরি একটি তথ্যচিত্র। ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তরীয় ও সম্মাননা পদক দিয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে শুরু হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন।
ভালোবাসায় সিক্ত মোহাম্মদ নজরুল ইসলাম সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই দিনটি আমার জীবনে শ্রেষ্ঠ দিনগুলোর একটি হয়ে থাকবে। এত সম্মান ও ভালোবাসা পেয়ে আমি অভিভূত।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ইরশাদ কামাল খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভূঁইয়া ইকবাল, মাহবুবুল আলম, ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন প্রমুখ।