'নভেম্বরের মধ্যে মজুরির সুপারিশ জমার আহ্বান জানাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, আগামী নভেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ডের সুপারিশ জমা দেওয়ার সুপারিশ করবে শ্রম মন্ত্রণালয়। ডিসেম্বর পর্যন্ত না গিয়ে এর আগেই যেন মজুরি ঘোষণা করা যায়, সে চেষ্টাই করবেন তাঁরা।

পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিরসনে আজ বুধবার বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্নুজান সুফিয়ান এসব কথা বলেন। বৈঠকে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সভাপতিত্ব করেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক এবং মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার উপস্থিত ছিলেন।শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট ৭০টি সংগঠনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়।

তবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর একান্ত সচিব স্বাক্ষরিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আমন্ত্রিতদের তালিকায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তাঁর সংগঠন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের নাম নেই।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান আরও বলেন, ‘পোশাকশ্রমিক নেতাদের বলেছি যত দ্রুত সম্ভব আমরা মজুরি বোর্ড বাস্তবায়ন করব।’

মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বলেন, ‘আগামীকাল পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। শ্রমিকনেতারা এ বিষয়ে একমত পোষণ করেছেন। তাঁরা জানিয়েছেন, এই খাত নিয়ে ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। যত তাড়াতাড়ি সম্ভব আমরা মজুরি বোর্ড ঘোষণার চেষ্টা করব।’

উল্লেখ্য, গত সোমবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান দাবি করেছিলেন, শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ দেশের বাইরে যাওয়ার আগে পোশাকশিল্প খাতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাঁকে বলে গেছেন।

শাজাহান খান দীর্ঘদিন ধরে পরিবহনশ্রমিকদের নেতা হয়ে আছেন।এখন তাঁর আগ্রহ দেশের সবচেয়ে বড় শিল্প খাত পোশাকশিল্পের প্রতি।

এই লক্ষ্যে প্রায় ছয় মাস আগে তিনি গঠন করেছেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ নামের একটি সংগঠন।আর প্রশাসনের সহায়তায় আয়োজন করা সেই সংগঠনের প্রথম মহাসমাবেশকে কেন্দ্র করে গাজীপুর এলাকায় ব্যাপক ভাঙচুর ও রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে।পরিস্থিতি সামলাতে শতাধিক কারখানা ছুটি দেওয়া হয়।গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।