‘নরক রাস্তা’ পেরিয়ে সমুদ্রদর্শন
বিজয় দিবস এবং এর পরের দুই দিন টানা ছুটিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পর্যটনকেন্দ্রে পর্যটকদের ঢল নেমেছিল। হোটেল-মোটেল-রেস্টহাউসগুলো ছিল কানায় কানায় পূর্ণ। পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠেছিল কুয়াকাটার বেলাভূমি। তবে রাস্তার দুরবস্থার কারণে ঝুঁকি নিয়ে কুয়াকাটায় আসতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাঁদের।সরেজমিনে ঘুরে পর্যটক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-কুয়াকাটা সড়কের কলাপাড়া-কুয়াকাটার ২২ কিলোমিটার অংশের অবস্থা ক্ষত-বিক্ষত। বিশেষ করে আলীপুর থেকে কুয়াকাটা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে খারাপ ও ঝুঁকিপূর্ণ।গত বৃহস্পতিবার কুয়াকাটা সৈকতে কথা হয় ঢাকার যাত্রাবাড়ী থেকে বেড়াতে আসা হারুন অর রশিদের সঙ্গে। তিনি বলেন, ‘টানা তিন দিন ছুটি থাকায় ১২ দিন আগেই হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম। কিন্তু এখানে এসে আমি বিস্মিত। এত সুন্দর একটি স্থানে আসতে মানুষকে এত ভোগান্তিতে পড়তে হয়, যা কল্পনাতীত। সড়ক নয় যেন নরক পেরিয়ে এলাম।’চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা আফসানা নূর বলেন, পর্যটন এলাকা হিসেবে কুয়াকাটায় এখনো অনেক সুবিধা নেই। সবচেয়ে পিছিয়ে আছে গুরুত্বপূর্ণ এ এলাকার সড়কব্যবস্থা। চরম ঝুঁকিপূর্ণ সড়ক। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত এই সড়ক সংস্কার করা দরকার।স্থানীয় সূত্র জানায়, সিডর, আইলাসহ বেশ কয়েকটি দুর্যোগে এখানকার পর্যটননির্ভর ব্যবসায় গত তিন বছর মন্দাভাব চলছিল। কুয়াকাটার জিরো পয়েন্টের হস্তশিল্পসামগ্রীর ব্যবসায়ী আবু সালেহ বলেন, ‘বারবার ঝড়-জলোচ্ছ্বাসের কারণে গত দুই বছর পর্যটকদের আগমন তুলনামূলক কম। বিক্রিও তেমন নেই। এ বছর রাসপূর্ণিমায় কিছু পর্যটক এসেছে। আর গত দুই দিন সৈকতে পর্যটকদের উপস্থিতি বেশ। বিক্রি ভালো হওয়ায় হতাশা কেটে আমাদের মধ্যে আশা জেগেছে।’কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান বলেন, এ বছরে গত দুই দিনের মতো কুয়াকাটায় এত বেশি পর্যটকের আগমন সম্ভবত হয়নি। এখানকার ৪০টির মতো আবাসিক হোটেলে সিট খালি নেই। হোটেলে সিট না পেয়ে অনেকে থাকার জায়গা খুঁজে নিয়েছেন আশপাশের বিভিন্ন বাড়িতে। তবে পর্যটকেরা রাস্তার দুরবস্থার জন্য ক্ষোভ প্রকাশ করছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী বলেন, ‘এত বেশি পর্যটক এসেছে, সত্যিই অভিভূত হওয়ার মতো। পর্যটকদের উপস্থিতি নির্বিঘ্ন করতে সৈকতসহ আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। তবে রাস্তার দুরবস্থা সবাইকে ভোগান্তিতে ফেলেছে। আমরা শিগগির কলাপাড়া-কুয়াকাটা সড়কের উন্নয়নকাজ শেষ করার তাগিদ দিয়েছি।’সড়ক ও জনপথ (সওজ) বিভাগ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী শওকত আলী বলেন, ‘৩৬ কোটি টাকা ব্যয়ে কলাপাড়া-কুয়াকাটা সড়কের উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। চলতি অর্থবছরেই কাজ শেষ হবে বলে আশা করছি।’