'নরম' মনজুরের 'শক্ত' প্রতিদ্বন্দ্বী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি নিরীহ, দলবল নেই। আমার প্রতিদ্বন্দ্বী খুব শক্ত। উনার তুলনায় আমি নরম। আপনারা আমার হয়ে ভোটকেন্দ্র পাহারা দেবেন।’ গণসংযোগে ভোটারদের কাছে এভাবেই ভোট চেয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলম। গতকাল সোমবার নগরের বক্সিরহাট, খাতুনগঞ্জ, চাক্তাই, পাথরঘাটা এলাকায় প্রচারণা চালান তিনি।
গণসংযোগে মনজুর আলম কম বয়সীদের সঙ্গে হাত মিলিয়ে, বয়স্কদের বুকে টেনে নিয়ে দোয়া ও ভোট চান। জেল রোড থেকে খাতুনগঞ্জে পৌঁছার পর হঠাৎ করেই তাঁকে ঘিরে লোকজনের সংখ্যা বাড়তে শুরু করে। তাঁরা মনজুরের নামে স্লোগান দেন। সহস্রাধিক লোকের উপস্থিতি দেখে তিনি খোলা ট্রাকে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি বলেন, ‘গতবার বাক্সভরে ভোট দিয়েছিলেন আপনারা। আবারও আসলাম। অনেক কাজ বাকি। আরেকবার সুযোগ দেবেন।’
বিএনপি-সমর্থিত এই প্রার্থী বলেন, ‘আমার সঙ্গে আছেন আপনাদের ব্যবসায়ী শামসুল আলম (নগর বিএনপির সহসভাপতি), ফরিদ উদ্দিন আহমেদসহ (চাক্তাই রাইস মিল মালিক সমিতির সভাপতি) অনেকে। ব্যবসায়ীবান্ধব কারা, তা আপনারাই ভালো বলতে পারবেন।’
গতকাল সকালে মনজুরের প্রচারণায় মাইক ব্যবহার হয়। নির্বাচন আচরণবিধি অনুযায়ী, বেলা দুইটার আগে এবং রাত নয়টার পর মাইক ব্যবহার করা যাবে না।
খাতুনগঞ্জে পথসভা শেষে চাক্তাই এলাকায় প্রচারণা চালান মনজুর আলম। সেখানে দুটি পথসভায় বক্তব্য দেন। এ সময় মনজুর আলম বলেন, ‘আপনাদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। নাহলে ভোটের বাক্স নিয়ে যাবে। রেজাল্ট না হওয়া পর্যন্ত কেউ ঘরে আসবেন না।’
পথসভার মাঝে সাংবাদিকেরা ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার বিষয়ে হাছান মাহমুদের অভিযোগ নিয়ে তাঁর মন্তব্য জানতে চান। এ সময় মনজুর আলম বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ হয়েছে মহামান্য হাইকোর্টের নির্দেশে। পুলিশ তা বাস্তবায়ন করেছে। এর সঙ্গে সিটি করপোরেশনের কোনো সম্পর্ক ছিল না।’ অভিযোগকারী হাছান মাহমুদকে ‘বিজ্ঞজন, উচ্চশিক্ষিত’ হিসেবে অভিহিত করেন তিনি।