'নরসিংহ পদক' পেলেন পাঁচ গুণীজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পাঁচ গুণীজনকে নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ‘নরসিংহ পদক’ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার নরসিংদীর ড্রিম হলিডে বিনোদন পার্কে এ পদক দেওয়া হয়।
স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন নরসিংদী শিল্প ও বণিক সমিতি (এনসিসিআই) এই প্রথম ‘নরসিংহ পদক’ প্রবর্তন করল। প্রতিবছর জেলার পাঁচজন কৃতী সন্তানকে এ পদক দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সমিতি।
শিল্প ও বণিক সমিতি সূত্র জানায়, এবার মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম (বীর প্রতীক), শিক্ষা উন্নয়নে বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সমাজ সংস্কারে বিশেষ অবদানের জন্য থার্মেক্স গ্রুপ ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এবং সুর ও সংগীতে বিশেষ অবদানের জন্য খ্যাতনামা সংগীত সাধক ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীকে ‘নরসিংহ’ পদকে ভূষিত করা হয়।
শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পদক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, নরসিংদী-৪ আসনের সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পুলিশ সুপার আমেনা বেগম, এফবিসিসিআইয়ের পরিচালক হেলাল উদ্দিন আহমেদ, জসিম উদ্দিন ও প্রবীর কুমার সাহা। পুরস্কার বিতরণ শেষে নিয়াজ মোহাম্মদ চৌধুরী ও ভারতের প্রখ্যাত গায়িকা অদিতি মুন্সী সংগীত পরিবেশন করেন।
এনসিসিআইয়ের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, একসময় নরসিংদী দ্বীপ ছিল। দ্বীপের লোকজন সিংহের মতো প্রতাপশালী ছিল। সে জন্য এর নাম ছিল নরসিংহের দ্বীপ। বর্তমানে নামটি বিবর্তিত হয়ে ‘নরসিংদী’ হয়েছে। মতান্তরে নরসিংহ নামের এক রাজা এই এলাকা শাসন করতেন। তাঁর নামেই এ দ্বীপের নামকরণ হয়। এ দ্বীপের ঐতিহ্য রক্ষার জন্যই পদকের নামকরণ করা হয়েছে ‘নরসিংহ পদক’।