'নষ্ট রাজনীতি ও দুর্বল শিক্ষাপদ্ধতি মেধা বিকাশে অন্তরায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, বাংলাদেশের নষ্ট রাজনীতি ও দুর্বল শিক্ষাপদ্ধতি মেধা ও যোগ্যতা বিকাশে অন্তরায়। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবই নয়, পাঠ্যবহির্ভূত নানা বিষয়ে জ্ঞানচর্চা করতে হবে। এতে সত্যিকারের মেধার বিকাশ ঘটবে।
গত মঙ্গলবার মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আয়োজিত গুণীজন সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন। ঢাকাস্থ শিবালয় সমিতি তাদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
সমিতির সভাপতি নলিনী রঞ্জন দাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ও শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, আবদুস সালাম, ইউএনও এ কে এম গালিভ খান প্রমুখ।
সৈয়দ আবুল মকসুদ বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করার সঙ্গে জ্ঞানচর্চা ও সমাজের কল্যাণচিন্তার যোগ না হলে আলোকিত ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব নয়। বর্তমানে জিপিএ-৫ পাওয়ার প্রবণতা শিক্ষাব্যবস্থাকে অনেকটা প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। এ শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকতায় সৈয়দ মেজবাহ উদ্দিন, সমাজসেবায় সাবেক সচিব কাজী আবুল কাশেম, চিকিৎসায় মঈনুল হক চৌধুরী তৌফিক, শিক্ষায় কিয়াম উদ্দিন (মরণোত্তর) ও তুষ্টলাল হালদার এবং স্কাউটিংয়ে সাইদুর রহমানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া এবারের এসএসসির ৪৮ এবং এইচএসসির ৮৩ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।