‘না খাই মত্তি হবিনে’
‘ইবার আমুন রুতি না পাল্লি না খাই মত্তি হবিনে। ভিটি তলি গেছ্ বইল বাড়িঘর যাতি পাত্তিছিনে। এখুনো যদি বাঁধ হুতো তাইলে আমরা বাঁচি যাতাম।’ খুলনার আইলাবিধ্বস্ত দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের শিবনগর গ্রামের আফসারউদ্দিনকে (৬৭) সঙ্গে নিয়ে গত মঙ্গলবার কামারগোদা ক্লোজারের ভাঙন দেখতে গেলে তিনি এ কথাগুলো বলেন। মাঠের পর মাঠ যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। অথচ আইলার আঘাতের আগে এসব জমিতেই গলদা, বাগদাসহ বিভিন্ন মাছের আবাদ হতো, কৃষকেরা আমন ধান চাষ করে বছরের খোরাকি জোগাড় করতেন।দাকোপ উপজেলার ৩২ নম্বর পোল্ডারের (নিচু বাঁধ) মূল ক্লোজার জালিয়াখালী ক্লোজারের বিভিন্ন স্থানে ছোট-বড় অনেক ভাঙা স্থান রয়েছে। মাঠের মধ্যে তৈরি একসময়ের নিচু রাস্তা মাটি দিয়ে উঁচু করা হলেও ভাঙন রোধ করা যায়নি। জালিয়াখালী ক্লোজারের প্রায় ১০০ গজ বাঁধ ভেঙে দাকোপের বিস্তীর্ণ এলাকা এবং হাজার হাজার পরিবার এখন পানিবন্দী। এ ছাড়া সাব-ক্লোজার কামারগোদা বাঁধ দিয়ে আটকানোর চেষ্টা করা হলেও তা পানির চাপে ভেঙে গেছে। স্থানীয় মানুষের অভিযোগ, সময়মতো কাজ শুরু না হওয়া এবং সঠিক পরিকল্পনার অভাবে এই সমস্যা হয়েছে। যাদের দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে তাদের বাঁধ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা নেই। একই উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা সরকারি বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র ইয়াসিন সানা বলেন, ‘পড়াশোনা করব না বাড়ি দেখব। কীভাবে যে সামনের দিনগুলো চলবে, তারও কোনো নিশ্চয়তা নেই। লেখাপড়া হয়তো বন্ধ হয়ে যাবে।’ক্লোজারের ওপরের পথ দিয়ে হাঁটতে হাঁটতে এমন অনেক জায়গা চোখে পড়ল, যেখানে একটু বেশি পানির চাপেই ভেঙে যেতে পারে। তবে শিবনগর স্লুইস গেট থেকে ক্লোজারের ভেতরের দিকে প্রায় আধাকিলোমিটার গেলেই বেশ বড় একটি ভাঙন চোখে পড়বে। এখানে প্রায় ২৫ গজ বাঁধ ভেঙে গিয়ে প্রচণ্ড বেগে পানি যাতায়াত করছে। এই স্থানে পানির চাপ এত বেশি যে, ভাঙনের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। এখনই ব্যবস্থা না নিলে বাঁধ দেওয়া অসম্ভব হয়ে পড়বে।অন্যদিকে সুন্দরবনসংলগ্ন দাকোপের শেষ প্রান্ত শিবশার তীরবর্তী নলিয়ানে বাঁধের বিস্তীর্ণ এলাকা ভেঙে যাওয়ার ফলে দাকোপ, কামারখোলা, সুতারখালী ইউনিয়নবাসী পানিবন্দী হয়ে আছে। আসছে আমন মৌসুমের আগে যদি বাঁধ নির্মাণ করা সম্ভব হয়, তাহলে দাকোপের বেশ কিছু এলাকায় আমন চাষ সম্ভব হবে। তবে অনেকের মতো সুতারখালী ইউনিয়নের কেওড়াতলা গ্রামের চাষি অধীর চন্দ্র গাইন (৬৫) বলেন, ‘ইখুন জল কমি গিলিও মনে হতিছে ধান হবি নানে। ভূইয়ির ওপর চাইর আঙুল উঁচু হোই বালি জুমিছে।’ দাকোপ উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সমন্বয়হীনতার কারণে দুর্গত মানুষের দুর্ভোগ বেড়েছে। বাঁধ নির্মাণ করা হলেও পানির প্রচণ্ড চাপে তা ভেঙে গেছে। দুর্গত মানুষদের অসহায় অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি যে, প্রত্যেককে পর্যাপ্ত ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে না।’খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) সাংসদ ননীগোপাল মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে এবং হবে। বাঁধ দেওয়া হলেও পানি বাড়ার ফলে প্রচণ্ড চাপে তা রক্ষা করা সম্ভব হচ্ছে না। আগামী জুলাই মাসে নতুন করে দরপত্র আহ্বান করা হলে বাঁধ নির্মাণ করা সম্ভব হবে।’পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ নুরুল আলীকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে গত বুধবার দুপুরে মিটিংয়ে আছি বলে ফোন কেটে দেন এবং গত বৃহস্পতিবার সকালে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে ফোন কেটে দেন। পানি উন্নয়ন বোর্ডের আরেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মজিদের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।