‘না পরিদর্শক না দারোগা’
কাজে যোগ দেওয়ার ছয় মাসেও দায়িত্ব বুঝে পাননি ফরিদপুরের সাতটি থানায় কর্মরত পরিদর্শকেরা (তদন্ত)। পরিদর্শকের (প্রশাসন ও অপারেশন) পাশাপাশি গত বছরের অক্টোবরে তাঁদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু পুলিশ সদর দপ্তরের আদেশ অনুযায়ী তাঁদের এখনো দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।জেলা পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের নয়টি থানার মধ্যে সাতটি থানায় পরিদর্শকের (প্রশাসন) পাশাপাশি একজন করে পরিদর্শক (তদন্ত) নিয়োগ দেওয়া হয়েছে। এ থানাগুলো হলো কোতোয়ালি, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, নগরকান্দা, সদরপুর ও সালথা। ভাঙ্গা থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দাদন ফকিরকে নিয়োগ দেওয়া হলেও পরবর্তী সময়ে তাঁকে পরিদর্শক (প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।গত বছরের ৪ অক্টোবর পুলিশ সদর দপ্তরের এক আদেশে বলা হয়, থানায় মামলা হওয়ার পর, এমনকি কোনো সাধারণ ডায়েরি (জিডি) মামলায় রূপান্তরিত হলে তা পরিদর্শকের (তদন্ত) কাছে ন্যস্ত করা হবে। পরিদর্শক (তদন্ত) গুরুত্বপূর্ণ মামলা নিজে তদন্ত করবেন এবং অন্য মামলার তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করবেন। মামলার তদন্তসংক্রান্ত যাবতীয় দায়ভার পরিদর্শককেই (তদন্ত) বহন করতে হবে। তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে তাঁর প্রতিবেদন পরিদর্শকের (প্রশাসন) কাছে ন্যস্ত করবেন এবং তিনি তা আদালতে জমা দেওয়ার উদ্যোগ নেবেন। নাম প্রকাশে অনিচ্ছুক ফরিদপুরের একটি থানার পরিদর্শক (তদন্ত) বলেন, পুলিশ সদর দপ্তরের ওই নির্দেশটি ঢাকা রেঞ্জের অন্যান্য জেলায় বলবৎ করা হলেও ফরিদপুরের কোনো থানায় তা কার্যকর করা হচ্ছে না। জ্যেষ্ঠ কর্মকর্তারা ক্ষমতা হারানোর ভয়ে পরিদর্শকের (তদন্ত) কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে চাইছেন না। বর্তমানে তাঁদের অবস্থা হয়েছে ‘না পরিদর্শক, না দারোগা’।আরেক পরিদর্শক (তদন্ত) জানান, ১৯ এপ্রিল ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে বিষয়টি পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হয়। পুলিশ সুপার বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) আওলাদ আলী ফকির বিষয়টি পুলিশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরে অনেক কথা হচ্ছে। তাই এ বিষয়ে মন্তব্য করে পরিস্থিতি জটিল করতে চাইছি না।’