‘নাইলে বসুম কই’
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর গাছতলায় চলছে পাঠদান। প্রয়োজনীয় শ্রেণীকক্ষ না থাকায় এভাবে পাঠদান করতে গিয়ে পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। বর্ষায় কীভাবে পাঠদান চলবে, তা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বিদ্যালয় সূত্র জানায়, এখানে ৭৫০ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু শ্রেণীকক্ষ রয়েছে মাত্র ছয়টি, শিক্ষক আছেন ১১ জন। সম্প্রতি বিদ্যালয়টিতে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা দক্ষিণ দিকের এক গাছতলায় চাটাই বিছিয়ে পাঠ নিচ্ছে। শিশু ও প্রথম শ্রেণীর প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর এমন দশা। প্রথম শ্রেণীর ছাত্র মো. আলামিন বলে, ‘বাড়ি থ্যাইক্কা চাটি আনি। নাইলে বসুম কই!’পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা কর্তৃপক্ষের কাছে শ্রেণীকক্ষের সংকটের কথা একাধিকবার জানিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’সদর গ্রামের বাসিন্দা এবং ইউপি চেয়ারম্যান সায়েদুল ইসলাম বলেন, ‘এই বিদ্যালয়ের মতো এ রকম অগোছালো ভবন আর কোথাও আছে বলে মনে হয় না। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় মন্ত্রীকে বিষয়টি অনেকবার জানিয়েছি।’প্রধান শিক্ষক মীর রফিকুল ইসলাম বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে শিক্ষার্থীদের কিছু চট কিনে দিয়েছি। এখন তো শীতকাল। কিন্তু বর্ষাকালে কীভাবে পাঠদান করব ভেবে পাচ্ছি না।’উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, ‘বিদ্যালয়টির নতুন ভবনের জন্য প্রায় ছয় মাস আগে একটি প্রস্তাবনা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে এখনো কোনো সাড়া আমরা পাইনি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ খান বলেন, বিদ্যালয়টির দশা খুবই খারাপ। এখানকার সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।