‘নাঈম খুনের জন্য থানার ওসিও দায়ী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দক্ষিণ সুরমা থানার ওসি টাকা ছাড়া কোনো মামলা নেন না। নাঈম অপহরণের অভিযোগ দেওয়ার পর ওসি মামলা নেননি। মামলা না নেওয়ায় অপহরণকারীদের হাতে খুনের ঘটনা ঘটেছে। নাঈম খুনের জন্য থানার ওসিও দায়ী।’ অপহরণকারীদের হাতে নির্মমভাবে খুন হয় সিলেটের দক্ষিণ সুরমার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাঈম। এলাকাবাসী এ খুনের অভিযোগ জানিয়ে সিলেট নগরে গতকাল সোমবার মানববন্ধন করে। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে চৌহাট্টা ও জিন্দাবাজর মোড় পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে দক্ষিণ সুরমা এলাকার বিভিন্ন স্তরের মানুষ ছাড়াও বিভিন্ন পেশাজীবী, রাজনীতিবিদ ও শিক্ষার্থীরা একাত্ম হন। মানবববন্ধন থেকে নাঈমের খুনিদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। খুনের ঘটনায় দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়ী করে বক্তারা বলেন, ‘ওসির গাফিলতির কারণে নাঈম অকালে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। পুলিশ সোচ্চার হলেই নাঈমকে অপহরণকারীদের হাত থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। নাঈমের মতো নিষ্পাপ শিশুরা যাতে অকালে চলে গিয়ে আর কোনো মায়ের বুক খালি না হয়—এ জন্য খুনিদের দ্রুত শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’ মানববন্ধনে একাত্ম হয়ে সিলেটের সরকারি কৌসুলি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ ও সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম খুনিদের দ্রুত শাস্তি হওয়ার বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন। নাঈম হত্যাকারীদের শাস্তির দাবিতে গঠিত কমিটির আহ্বায়ক সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, জেলা জাপার সভাপতি গিয়াস উদ্দিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান লোদী, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তুরন মিয়া, সিলেট সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, সদর দক্ষিণ নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা সাইফুল আলম, দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামসুল ইসলাম, নূরজাহান মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মিফতাউল হোসেন, বলদী লিটল স্টার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আবদুল কাইয়ুম ও নাঈমের চাচা মুমিন আহমদ বক্তব্য দেন।দক্ষিণ সুরমার তেতলী গ্রামের বাসিন্দা আবদুল হকের ছেলে নাঈম গত ২২ আগস্ট অপহরণকারীদের হাতে খুন হয়। দক্ষিণ সুরমা উপজেলার বলদী লিটল স্টার কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণীর ছাত্র নাঈমের খুনের ঘটনায় পুলিশ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে জবানবন্দি দিয়ে ঘটনা স্বীকার করেছে।ঘটনার প্রায় এক মাস পর মানববন্ধন থেকে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে দক্ষিণ সুরমা থানার ওসি আবু শ্যামা মো. ইকবাল হায়াতের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি।