'নাও দৌড়ানি'র প্রস্তুতি
জলের নৌকা ডাঙায়! হয়তো এ জন্য যারপরনাই উৎসাহ নিয়ে এ কাজ দেখছিল একদল কিশোর। যেন তাদের পর্যবেক্ষণেই হচ্ছে সর্বশেষ কাজ। লাল-সাদা-সবুজ রংতুলির আঁচড়ে তেমন কোনো শৈল্পিক ছাপ নেই। নৌকার সম্মুখভাগে একটি সাদামাটা উড়োজাহাজের ছবি আঁকছিলেন সাইফুল ইসলাম। নৌকার নাম ‘জলপবন’। বাতাসের বেগে নদী-জলে ঢেউ তুলবে বলে এমন নামকরণ।
সাইফুল জানালেন, প্রায় ১০০ হাত লম্বা এ নৌকা ‘জলপির’ নাম নিয়ে গত বছর সুরমায় নৌকাবাইচে অংশ নিয়েছিল। এবার বৈচিত্র্য আনতে নাম বদল করা হয়েছে। সিলেট শহরতলির কান্দিগাঁওয়ের এই ‘জলপবন’ সাত দিনের মধ্যে সুরমায় ভাসবে।
সুরমাপারের শুধু কান্দিগাঁওয়ে ‘জলপবন-জলপির’ নয়, সুরমা-কুশিয়ারা নদীসহ হাওর এলাকায় বর্ষাকালীন উৎসব নৌকাবাইচের জন্য নানা বাহারি নামে শুরু হয়েছে প্রস্তুতি। নাও-নদী-ঢেউজলের বর্ণিল উৎসবে সিক্ত হতে আয়োজকদের মধ্যেও চলছে প্রস্তুতি-প্রচারণা। বর্ষার টানা বৃষ্টিপাত খানিকটা সহনীয় হয়ে এলেই শুরু হবে এলাকাভিত্তিক নৌকাবাইচের আয়োজন। সিলেট অঞ্চলে এ প্রতিযোগিতা ‘নাও দৌড়ানি’ নামে পরিচিত।
নৌকার হাটে খোঁজ নিয়ে জানা গেল, ‘জলপবন-জলপির’ নাম ছাড়াও এবার ময়ূরপিঙ্খ, উড়ালপিঙ্খ, পিঙ্খরাজ, জলরাজ, অনলতির, আশার আলো, বাংলার রকেট, শেরেবাংলা, খাজা প্রভৃতি নামে বাইচের নৌকার প্রচলন হয়েছে। এর মধ্যে এবার সবচেয়ে দামি নৌকা ‘ময়ূরপিঙ্খ’। প্রায় ৮০ থেকে ৭০ ফুট দৈর্ঘ্যের এ নৌকার সামনের ভাগে কাঠের তৈরি ময়ূরের মুখচ্ছবির কারুকার্য থাকে বলে দাম এক লাখ থেকে দেড় লাখ টাকায় বিক্রি হচ্ছে।
সিলেটের কোম্পানীগঞ্জ, সালুটিকর, গোয়াইনঘাট ও সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজারে পুরো বর্ষায় বসে নৌকার হাট। নিত্যব্যবহারের ছোট ছোট নৌকা কেনাকাটার মধ্যে বাইচের নৌকার ক্রেতারা ভিড় করেন বলে ব্যবসায়ীরা জানালেন। আবদুল ওয়াহিদ নামের একজন নৌকা ব্যবসায়ী বলেন, বেশির ভাগ ক্রেতাই নৌকা তৈরির কারিগরকে আগাম বায়না দিয়ে পছন্দসই নৌকা বানিয়ে নেন। সেগুলো হাটে তোলা হয় না। তবে হাটে নাম আর দাম নিয়ে চলে প্রচার।
সিলেট বিভাগের মধ্যে সবেচেয়ে বেশি যুক্তরাজ্যপ্রবাসী অধ্যুষিত এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর। নৌকাবাইচে প্রবাসীরা প্রতিযোগিতায় নামেন বলে নৌকার দাম ও বাহারি নাম নিয়ে চলে আরেক প্রতিযোগিতা। নৌকাবাইচ শুরুর আগে এ বিষয়টি অনেকের জন্য আরেক উপভোগ্য বিষয় বলে জানান জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ।
সিলেটে ‘ময়ূরপিঙ্খ নাও’ দামি হওয়ার কারণ সম্পর্কে বাউলসম্রাট শাহ আবদুল করিমের অন্যতম শিষ্য হবিগঞ্জের আজমীরিগঞ্জের বাসিন্দা আবদুর রহমান। তিনি জানান, নৌকাবাইচে বাদ্যযন্ত্রের ব্যবহারের তালে চলে গান। এর মধ্যে শাহ আবদুল করিমের ‘কোন মেস্তরি নাও বানাইল/ কেমন দেখা যায়/ ঝিলমিল ঝিলমিল করে রে/ ময়ূরপঙ্খি নায়...’—কালজয়ী এ গান ব্যবহৃত হয় সবখানে। তাই গানের সঙ্গে নৌকার নামের মিল রাখতে গিয়ে হয়তো দাম বাড়তে পারে।