‘নাও ভইরা এতি আচছে বাড়িঘর গরুছাগল!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওই যে বড় নাওডা দেখতাছেন। নাও ভইরা এতি আচছে বাড়িঘর, গরু-ছাগল, লেট্টিন। নাও ভাড়া নিব এক খেপ ৪০০ টেহা। আগে টেহা নেয় হেরপর নাও ইস্টাট দেয়।’ যমুনার দুর্গম বেড়কুশা চরের আবু বক্কর কাঁদতে কাঁদতে আঙুল উঁচিয়ে ঘরবাড়ি ও অন্য আসবাবপত্র বোঝাই নৌকা দেখালেন। বেড়কুশার আশ্রয় হারিয়ে প্রতিদিনই বড় বড় নৌকায় ভরে ঘর, গবাদিপশু ও মালামাল নিয়ে তারা ছুটছে পাশের হরিণধরা চরে। জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের দুর্গম বেড়কুশা চরে এবারের বর্ষায় যমুনার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ১২ আগস্ট ওই চরে গিয়ে দেখা যায় এ করুণ চিত্র। কুলকান্দি ইউনিয়নের ২০ হাজার ৮২৫ জন লোকসংখ্যার প্রায় সবাই নদীভাঙনের শিকার। নিঃস্ব অনেকেই গত এক দশকে যমুনার দুর্গম দ্বীপচর জিগাতলা, বেড়কুশা ও হরিণধরা চরে বসতি স্থাপন করে। এসব চরে প্রায় ১০ হাজার লোক বাস করে। এবারের বর্ষায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে বেড়কুশা চরে। যমুনার ভাঙনের তাণ্ডবে বেড়কুশার মানুষ এখন আতঙ্কিত। এখন তারা আশ্রয় নিচ্ছে হরিণধরা চরে। এরই মধ্যে দুই শতাধিক পরিবার ওই চরে আশ্রয় নিয়েছে। নৌকায় বহন করে আনা ঘর, আসবাবপত্র খোলা আকাশের নিচে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। দেখে মনে হয়, ঝড়ে বিধ্বস্ত একটি এলাকা। হরিণধরা চরের জোতদারেরা তাদের ঘর বানাতে এবং টিউবওয়েল ও ল্যাট্রিন স্থাপন করতে দিচ্ছেন না। এক অবর্ণনীয় দুর্ভোগের মধ্য দিয়ে তারা বসবাস করছে। কৃষিশ্রমিক আবদুর রহিম তাঁর স্ত্রী কল্পনা বেগম ও পাঁচ সন্তান নিয়ে প্রথম রোজার আগের দিন বিকেলে হরিণধরায় আশ্রয় নিয়েছেন। কল্পনা বললেন, ‘ঘর আনছি। সবকিছুই আনছি। এহন ঘর উঠাবের পাইতাছি না। এই চরের মাতাব্বররা কইছে দুই মাস থাকো। পানি কমলে আবার অইপারে যাবাগা। হাতত টেহাপইসাও নাই। ৪০০ টেহা নৌকাভাড়া দিছি। রাইতে আলুভত্তা দিয়া ভাত খাইছি।’ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছমেদ আলী বলেন, ‘মাত্র দুদিনের ব্যবধানে বেড়কুশা চরের পশ্চিম-দক্ষিণে যমুনার ভাঙন হানা দিয়েছে। এই চরের পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ২০০ পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।’ ভাঙন চলতে থাকলে বেড়কুশা চর যমুনায় নিশ্চিহ্ন হয়ে যাবে বলে তার ধারণা।