চাঁদপুর, লক্ষ্মীপুর ও রাজশাহীতে চারদলীয় জোটের গণমিছিলে পুলিশের গুলিতে পাঁচজন নিহতের ঘটনায় পুলিশের তদন্ত কমিটি প্রত্যাখ্যান করেছে বিএনপি। ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে ‘নাগরিক তদন্ত কমিটি’ গঠন করেছে দলটি।গতকাল বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি গঠনের কথা জানান।পাঁচ সদস্যের এই ‘নাগরিক তদন্ত কমিটির’ আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে। বাকি সদস্যরা হলেন: জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, চিকিৎসক আবদুল মান্নান মিয়া, আইনজীবী হাফিজুর রহমান ও অবসরপ্রাপ্ত জেলা জজ আবু তালেব।মির্জা ফখরুল বলেন, এই তদন্ত কমিটি চাঁদপুর, লক্ষ্মীপুর ও রাজশাহীতে যাবে। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলবে। প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরাই হবে এ কমিটির কাজ। তিনি বলেন, বিএনপি মনে করে পুলিশ দিয়ে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তাতে কোনো সত্য উদ্ঘাটিত হবে না, পুলিশকে রক্ষা করা হবে। ঘটনার পর আওয়ামী লীগের পক্ষ থেকে ন্যূনতম দুঃখ প্রকাশও করা হয়নি।গণমিছিলে পাঁচজনকে বিএনপি নিজেরাই হত্যা করেছে বলে প্রধানমন্ত্রীর অভিযোগ প্রত্যাখ্যান করেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর স্বভাব অনুযায়ী উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন।ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কয়েক দিন ধরে সরকারি দলের মন্ত্রী-এমপি ও নেতাদের কথা শুনে মনে হচ্ছে তাঁরা বিএনপির সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চান।’সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, বরকতউল্লা, রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।