‘নাগরিকসুবিধা নয়, পৌর ভবন চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিনশেডের ছোট একটি ঘর। মাঝখানে তিনটি দেয়াল। এক কক্ষ থেকে আরেক কক্ষ দেখা যায়। প্রতিটি কক্ষে টেবিলের ওপর জমেছে ফাইলের স্তূপ। স্তূপের আড়ালে কর্মকর্তা-কর্মচারীকে মাঝেমধ্যে দেখা যায় না। কারও কারও বসার জায়গাটুকু পর্যন্ত নেই। কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর কার্যালয়ের দৃশ্য এটি। উপজেলার একটি পাঠাগারে দীর্ঘদিন ধরে এভাবেই চলছে পৌরসভার কার্যক্রম। কার্যালয়ে গাদাগাদি করে বসেন কর্মকর্তা-কর্মচারীরা। নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা মেয়র পদপ্রার্থীদের কাছে নাগরিক সুযোগ-সুবিধার আগে চান পৌর ভবন নির্মাণের নিশ্চয়তা। সম্প্রতি সরেজমিনে ভোটার ও প্রার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।পৌর কার্যালয় সূত্র জানায়, ২০০৩ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রাম সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। নির্বাচনের তিন মাস পর ৩০ এপ্রিল ওই ইউনিয়ন ও বাতিশা ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে চৌদ্দগ্রাম পৌরসভা গঠিত হয়। তখন সদর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে পৌরসভার কাজ শুরু হয়। এতে বিভিন্ন ওয়ার্ডের নয়জন পুরুষ সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্যকে পৌরসভার কাউন্সিলর পদে নিযুক্ত করা হয়। কিন্তু নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে পৌর প্রশাসক করা হয়নি। অভিযোগ রয়েছে, মো. মিজানুর রহমান চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ কারণে তাঁকে জামায়াতের তৎকালীন সাংসদ আবদুল্লাহ মো. তাহের ওই পদে বসতে দেননি। এরপর থেকে দীর্ঘ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) পৌর প্রশাসকের দায়িত্ব পালন করে আসছেন।এ প্রসঙ্গে চৌদ্দগ্রাম পৌরসভার সচিব মো. হারুনূর রশিদ বলেন, ‘উপজেলার পাঠাগারের ওই টিনশেডে সাড়ে তিন বছর ধরে পৌরসভার কাজ চলছে। ‘গ’ শ্রেণীর ওই পৌরসভায় ১২ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। সহকারী প্রকৌশলীদের বসার জায়গা নেই। জরাজীর্ণ ওই ভবনে আমাদের কাজ করতে হচ্ছে। নির্বাচিত মেয়র এলে নিশ্চয়ই এ অবস্থার পরিবর্তন হবে।’পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির হোসেন, আশিকুর রহমান ও মোহাম্মদ হোসেন বললেন, ‘সবার আগে আমরা পৌর ভবন চাই। একটা ঠিকানা চাই।’ মেয়র পদপ্রার্থী মো. মিজানুর রহমান ও গোলাম মুহম্মদ রাব্বানী বলেন, ‘নির্বাচিত হলে সবার আগে পৌর ভবন নির্মাণের উদ্যোগ নেব। একই সঙ্গে জনগণের খেদমত করব।’পৌর প্রশাসক ও চৌদ্দগ্রামের উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোতাহের হোসেন বলেন, ‘উপজেলার একটি পাঠাগারে চলছে এর কাজ। নির্বাচিত মেয়র এলে সবার আগে নিশ্চয়ই বসার জায়গা ও ভবন ঠিক করবেন।’