‘নাগা’ মরিচের দামেও ঝাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচা-পাকা ‘নাগা’ মরিচের পসরা। লাল-সবুজের স্তূপের মতো দেখাচ্ছিল। স্তূপ থেকে ছোট আর বড় আকৃতি ভাগ করার কাজ চলছিল খুচরা দরে বিকোবে বলে। জোড়া আর হালি দরে বিকিকিনি চলে। এ জন্য দামের ওঠানামা নিয়ে সাধারণত ক্রেতাদের মাথা ঘামাতে দেখা যায় না।কিন্তু কেজিপ্রতি দর জানতে গেলেই মাথায় যেন বাজ পড়ে। প্রতি কেজি এক হাজার ২০০ টাকা! গত কয়েক দিনের একটানা বৃষ্টিপাত থাকায় সিলেট নগরের বৃহৎ সবজির হাট সোবহানীঘাট থেকে শুরু করে সব সবজির হাটে নাগা মরিচের দামেও ঝাল দেখা দিয়েছে। সিলেটের জৈন্তাপুর সাইট্রাস গবেষণাকেন্দ্রের তথ্যমতে, মরিচের মিশ্র বা হাইব্রিড প্রজাতির অত্যধিক ঝাল ও ঘ্রাণযুক্ত বড় আকারের এ মরিচ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম ও নাগাল্যান্ডে চাষ হওয়ার সুবাদে সিলেটেও চাষ হয়। সিলেট অঞ্চলে ‘নাগা’ মরিচ নামে পরিচিত হলেও কোনো কোনো এলাকায় ‘বোম্বা’ মরিচ নামেও পরিচিত। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নাগা মরিচ উৎপাদনের মৌসুম হলেও চাহিদা থাকায় সারা বছরই বিশেষ চাষপদ্ধতিতে উৎপন্ন হয়।নগরের সোবহানীঘাটসহ কয়েকটি সবজির হাট ঘুরে জানা গেছে, নাগা মরিচের টান সবজির হাটে সারা বছরই থাকে। এবার রমজান শুরুর সময় নাগা মরিচ উৎপাদন মৌসুম থাকায় চাহিদামতোই পাওয়া যাচ্ছিল। প্রায় এক সপ্তাহ ধরে খুচরা হাটে নাগা মরিচ পাওয়া অনেকটা দুষ্প্রাপ্য হওয়ায় দামও বেড়ে গেছে। মদিনা মার্কেট ও পাঠানটুলার সবজির হাটে খোঁজ করেও নাগা মরিচ কিনতে পারেননি বলে জানান সুবিদবাজারের বাসিন্দা আবদুল আলিম। শেষে বন্দরবাজার ফুটপাত এলাকা থেকে খুচরা দরে নাগা মরিচ কেনে বাড়ি ফেরেন।আলিম জানান, সবজির হাটে খুচরা দরে নাগা মরিচের ক্রেতা বেশি। এ জন্য কেজিপ্রতি দামের খোঁজ না নিয়ে সবাই হালি বা জোড়া দরে কেনেন। এ দরেও গত এক সপ্তাহের তুলনায় দাম বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। ১০ টাকায় এক হালি কেনা গেলেও এখন এক জোড়া ওই টাকায় কিনতে হচ্ছে।কাজিরবাজারের সবজির খুচরা বিক্রেতা ইনু মিয়া জানান, সিলেটে নাগা মরিচের ক্রেতা বছরের ১২ মাসজুড়েই থাকে। তবে রমজানে চাহিদা বেড়ে যায়। এ জন্য স্থানীয়ভাবে সিলেটের হরিপুর ও জৈন্তাপুর এলাকায় নাগা মরিচের চাষ হওয়ায় চাহিদা অনুযায়ী জোগানও বাড়ছে। টানা বৃষ্টির কারণে শ্রীমঙ্গল থেকে নাগা মরিচের আমদানি করতে হচ্ছে।সিলেট ‘ভেজিটেবল মার্কেট ব্যবসায়ী সমিতি’র সভাপতি মো. তোরন মিয়া বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে কাঁচা মরিচেরও দাম বেড়েছে। ১০০ টাকা কেজির স্থলে এখন ১৫০-২০০ টাকা দরে বিকোচ্ছে। চাহিদামতো জোগান হচ্ছে না। কাঁচা মরিচের সঙ্গে নাগা মরিচেরও দাম বেড়েছে। তবে বৃষ্টি কমে যাওয়ায় দিন দুয়েকের মধ্যে দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে তিনি জানান।