আরাফাত রহমান কোকোর নামে বিদেশে লেনদেন হওয়া ঘুষের অর্থ দেশে ফেরত আনার প্রক্রিয়াকে ‘সাজানো নাটক’ বলা অন্যায় ও আদালত অবমাননার শামিল বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মাহবুবে আলম এ দাবি করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় আরাফাত রহমান কোকোর দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দেশে ফেরত এসেছে। এই ফেরত আনার প্রক্রিয়াকে নাটক বলা শুধু অন্যায় নয়, আদালত অবমাননার শামিল।’
মাহবুবে আলম বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক বা পারিবারিক পরিচয় বড় নয়। তাঁর পক্ষে সাফাই গাওয়া সম্পূর্ণ অন্যায়।
এ ধরনের বক্তব্য মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার করা অর্থ দেশে ফেরত আনার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার ভাষ্য, দুদক ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় পাচার করা ওই অর্থ ফেরত আনার ব্যাপারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব পালন করেছে। এ বিষয়ে ধন্যবাদ বা উত্সাহ না দিয়ে একে নাটক বলে অপপ্রচার করা হচ্ছে। এটা অনভিপ্রেত ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
গত মঙ্গলবার বিকেলে দুদক আয়োজিত ‘পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারবিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী দিনে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের কাছে একটি প্রতীকী চেক হস্তান্তর করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অনুষ্ঠানে জানানো হয়, সিঙ্গাপুর থেকে তৃতীয়বারের মতো কোকোর ঘুষের অর্থের আরও প্রায় সাড়ে সাত কোটি টাকা দেশে এনেছে দুদক।
ওই চেক হস্তান্তরের ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে অভিহিত করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, কোকো ও বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে চেক হস্তান্তরের ঘটনা ঘটানো হয়েছে। একই সঙ্গে তারেক রহমানের বিরুদ্ধেও নানা অপপ্রচার চালানো হচ্ছে।