'নাটক' বলা আদালত অবমাননার শামিল: অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরাফাত রহমান কোকোর নামে বিদেশে লেনদেন হওয়া ঘুষের অর্থ দেশে ফেরত আনার বিষয়কে ‘নাটক’ বলাটা আদালত অবমাননার শামিল বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মাহবুবে আলম বলেন, ‘সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় আরাফাত রহমান কোকোর দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দেশে ফেরত এসেছে। এই ফেরত আনার প্রক্রিয়াকে নাটক বলা শুধু অন্যায় নয়, আদালত অবমাননার শামিল। কারণ হলো, আদালত এই টাকা জব্দ করেছেন। জব্দের পরিপ্রেক্ষিতে আমাদের অনুরোধে সিঙ্গাপুর সরকার ওভারসিস ব্যাংক থেকে টাকাগুলো ফেরত পাঠিয়েছে।’
সিঙ্গাপুর থেকে তৃতীয়বারের মতো বিরোধীদলীয় নেত্রীর ছোট ছেলে কোকোর ঘুষের অর্থের আরও প্রায় সাড়ে সাত কোটি টাকা দেশে এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার দুদকের চেয়ারম্যানের কাছে এ-সংক্রান্ত একটি প্রতীকী চেক হস্তান্তর করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই চেক হস্তান্তরের ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে পরদিন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুলের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের ডেকে উপরিউক্ত মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক বা পারিবারিক পরিচয় বড় নয় এবং তাঁর পক্ষে সাফাই গাওয়াটা সম্পূর্ণ অন্যায়। এ ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার করা অন্যান্য ব্যক্তির যে অর্থ আছে, সেগুলো দেশে ফেরত আনার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে মনে করেন তিনি।