‘নাদিম-মিনুর কোন্দলের শিকার আমরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় যুবদলের নতুন কমিটির অনুমোদন নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটি পক্ষ কমিটিকে ঘরোয়া কমিটি আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছে। দাবি মানা না হলে গণপদত্যাগের হুমকি দিয়েছে তারা। জানা যায়, বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের কাউন্সিল গত বছরের ৯ জুন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ভোটে উপজেলা শাখায় প্রভাষক কামাল হোসেন ও পৌর শাখায় আক্তারুজ্জমান সভাপতি নির্বাচিত হন। জেলা যুবদলের কমিটি ভেঙে যাওয়ার পর আনোয়ার হোসেন উজ্জ্বলকে আহ্বায়ক করে জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সে সময়ের পরে তাঁর নেতৃত্বে নতুন কমিটি গঠনের জন্য গত ১৯ নভেম্বর বাগমারার ভবানীগঞ্জ কুটির শিল্পের মাঠে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নেতা-কর্মীদের মধ্যে ফরম বিতরণ করে তাঁদের সমর্থন চাওয়া হয়। ওই সময় উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে কামাল হোসেন, মেজবাহুল হক দুলু, জিল্লুর রহমানের নাম ছিল।এদিকে গত ৯ ফেব্রুয়ারি জেলা যুবদলের এক সভায় উপজেলা ও পৌরসভার কমিটির নাম ঘোষণা করা হয়। এতে বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের সভাপতির নাম বাদ দিয়ে নতুন দুজনকে সম্পৃক্ত করা হয়। উপজেলা শাখায় গোলাম রাব্বানী সভাপতি এবং পৌর শাখায় সাইফুল ইসলামকে সভাপতি করা হয়। নতুন কমিটি প্রকাশের পর নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে এ কমিটি বাতিল করে আগের কমিটি বহালের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে। কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তারা ঘোষিত এই কমিটি বাতিলের দাবি জানান। কামাল হোসেন অভিযোগ করে বলেন, ‘যাঁদের নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয়। নাদিম-মিনুর কোন্দলের শিকার আমরা।’ যুবদলের নেতা মঞ্জুর রহমান অভিযোগ করে বলেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে সভাপতির পদ দেওয়া হয়েছে। সাইফুল ইসলাম ও গোলাম রাব্বানী সান্টু আগে সভাপতি-পদের প্রার্থী পর্যন্ত ছিলেন না। গোলাম রাব্বানী সান্টু বলেন, ‘আমরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।’ নতুন কমিটির ব্যাপারে বলেন, এটা জেলার ব্যাপার। জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর মধ্যে দলীয় বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন নাদিম মোস্তফার অনুসারী হিসেবে পরিচিত। এ ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, এটা পারিবারিক তন্ত্র ছিল। এটাকে উচ্ছেদ করা হয়েছে।