‘নান্দনিক সুনামগঞ্জ’ ফলকের উদ্বোধন
সুনামগঞ্জ শহরে জেলা পরিষদ কার্যালয়ের প্রবেশমুখে সুনামগঞ্জের ঐতিহ্য নিয়ে ‘নান্দনিক সুনামগঞ্জ’ নামের একটি ফলক নির্মাণ করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ফলকের উদ্বোধন করেন। নান্দনিক সুনামগঞ্জ ফলকে রয়েছে মুক্তিযুদ্ধের সঞ্চৃতিচিহ্ন, লোকসংস্কৃতির স্মারক, হাওরের মাছ, পাখি, শাপলা, নৌকা। ফলকটি সুনামগঞ্জ-সিলেট সড়কে হওয়ায় এটি সবার চোখে পড়বে। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই নান্দনিক সুনামগঞ্জের স্থাপত্যশিল্পী মোহাম্মদ মনিরুজ্জামান। নির্মাণকাজ তত্তাবধান করেন ভাস্কর্যশিল্পী সন্দ্বীপ কুমার দেব। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা পরিষদের প্রশাসক জানান, সুনামগঞ্জের সংস্কৃতি, ঐতিহ্য সবার সমানে তুলে ধরাই মূল উদ্দেশ্য। সুনামগঞ্জ-সিলেট সড়কের যেখানে দিরাই সড়ক এসে যোগ হয়েছে, সেখানে বাউলসম্রাট শাহ আবদুল করিম চত্বর নাম দিয়ে তাঁর একটি ভাস্কর্য, জগন্নাথপুর যাওয়ার মোড়টি রাধারমণ চত্বর নাম দিয়ে রাধারমণের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে পরিষদের পক্ষ থেকে।