'নামেই কেবল পৌরসভা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবা নিয়ে অভিযোগের শেষ নেই চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার বাসিন্দাদের। কারও কারও মতে, সাতকানিয়া কেবল নামেই পৌরসভা। কয়েকটি সড়কে সড়কবাতি ছাড়া পৌরসভার কোনো ‘আলামত’ তাঁদের চোখে পড়ে না। পানি ও পয়োনিষ্কাশনের কোনো ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। বর্ষায় বেশির ভাগ সড়ক পানিতে তলিয়ে যায়। বেশির ভাগ রাস্তা ভাঙাচোরা। তবে সাতকানিয়া প্রথম শ্রেণির পৌরসভা।
সাতকানিয়া পৌর সদরের সতিপাড়ার বাসিন্দা আবু তাহের (৬৫) বলেন, ‘ভোট আইলেই তাঁরার মুখত মিডা হতা। নালা গঁরি দিয়ম, রাস্তা পাক্কা অঁইব। আরও হঁত ধরণর মিডা হতা। ভোট গেইলেগই তাঁরার আর হঁন হবর নেই’ (ভোট এলেই তাঁদের মুখে মিষ্টি কথা। নালা তৈরি ও পাকা রাস্তা তৈরি করে দেবেন। আরও কত ধরনের প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট শেষ হলে তাঁদের আর দেখা মেলে না)।
সাতকানিয়া পৌর সদরের মুছিপট্টির বাসিন্দা আনোয়ারা বেগম (৪৫) বলেন, ‘হাঁটা তো দূরের কথা। ভাঙাচোরা সড়ক দিয়ে রিকশায় চড়তেও ভয় করে। ঝাঁকুনিতে কলিজাটা পানি হয়ে গেছে।’
ভোয়ালিয়াপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৫২) বলেন, একে তো সড়ক ভাঙা। অন্যদিকে পানিনিষ্কাশনের জন্য কোনো নালা না থাকায় বর্ষা মৌসুমের পাশাপাশি সারা বছরই ভোগান্তি সহ্য করতে হচ্ছে।
পৌর সদরের আটটি সড়কের মধ্যে সাতটি সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং ও খোয়া উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। পৌরসভার একমাত্র দেওয়ানহাট বাজারটিও অপরিচ্ছন্ন। বাজারের চারদিকে ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভাটি এ বছর প্রথম শ্রেণিতে উন্নীত হয়। লোকসংখ্যা ৭৯ হাজার ৫২২ জন। মোট ভোটার ৩২ হাজার ৯৭০ জন। পৌরসভার আয়তন ১২ দশমিক ৫০ বর্গকিলোমিটার।
পৌরসভার উন্নয়নের বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়ের বলেন, ‘আগে যিনি মেয়রের দায়িত্বে ছিলেন, তিনি বিএনপির লোক। তিনি দুবার মেয়র নির্বাচিত হওয়ার পরও পৌর সদরে সড়ক সংস্কার ও নালা তৈরির ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। নির্বাচিত হলে প্রথমেই সড়ক ও নালা তৈরির কাজে হাত দেব।’
বিএনপির মেয়র পদপ্রার্থী রফিকুল আলম বলেন, তিনি নির্বাচিত হলে সড়ক ও ড্রেনেজ-ব্যবস্থার উন্নয়ন করবেন। পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহেরও ব্যবস্থা করা হবে।