‘নামেই পাইকগাছা পৌরসভা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠার ১৫ বছরেও শহরবাসী প্রত্যাশিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এ কারণে পৌরবাসীর মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এখনো পৌরসভার পক্ষ থেকে কোনো সড়কবাতির ব্যবস্থা করা হয়নি। পৌরবাসীর জন্য খাবার পানির সরবরাহ নেই। পৌরসভার অধিকাংশ সড়কের পাশে নালা নেই। এ কারণে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা দেখা দেয়।১২ সেপ্টেম্বর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় গিয়ে দেখা যায়, বৃষ্টির পানি সরতে না পারায় বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমানের নামে মাইকিং চলছে। মাইকে এলাকাবাসীকে জলাবদ্ধতা নিরসনে কাজ করার জন্য কোদাল, খুন্তি নিয়ে পরের দিন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। কাউন্সিলর মাহবুবুর রহমান জানান, তিনি জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়েছেন।পৌর এলাকার বাসিন্দা ফারুক হোসেন বলেন, ‘নামেই পাইকগাছা পৌরসভা, কোনো সেবা নেই। এত বছরেও পৌরসভা খাবার পানি সরবরাহের কোনো ব্যবস্থা করতে পারেনি। রাস্তাঘাটের অবস্থাও ভালো নয়।’ অনিমেশ মণ্ডল বলেন, ‘রাস্তার পাশে নালা নেই। একটু বৃষ্টি হলিই রাস্তায় পানি জমে যায়।’ আসাদুল ইসলাম বলেন, ‘পৌর এলাকায় কোনো বিনোদনের ব্যবস্থাও নেই।’পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল বলেন, পৌরবাসী কর দিয়েও সেবা পাচ্ছে না। রাস্তায় বাতি নেই। পানিনিষ্কাশনের ব্যবস্থা ভালো নয়। পৌরসভা খাবার পানির কোনো ব্যবস্থাই করতে পারেনি।পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, পৌরবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে না পারলেও সরলের (এলাকা) পুকুর থেকে পানি এনে পৌর এলাকায় সরবরাহের জন্য ৮০ লাখ টাকা ব্যয়ে একটা প্রকল্পের কাজ চলছে। আর স্থানীয় পল্লী বিদ্যুতের অনুমতি না পাওয়ায় রাস্তায় বাতির ব্যবস্থা করা যায়নি।