নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার সদর, বিরিশিরি ও কুল্লাগড়া ইউনিয়নের কিছু অংশ নিয়ে দুর্গাপুর পৌরসভা গঠিত হয় ১৯৯৪ সালে। ইতিমধ্যে দুই বার নির্বাচন হয়েছে এই পৌরসভার। নির্বাচনে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও নাগরিক সুবিধা বলতে কিছুই পায়নি পৌরবাসী। পৌরসভার কোথাও নেই পানি সরবরাহ, নেই পৌরসভার নিজস্ব ভবন। নর্দমা ও পয়োনিষ্কাশন ব্যবস্থাও সেই রকম।স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১৮ জানুয়ারি তৃতীয়বারের মতো এই পৌরসভার নির্বাচনে অংশ নিতে মেয়র পদে আটজন, কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যে প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে নির্বাচনের পর এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের নিশ্চয়তা চান ভোটাররা।ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার কুল্লাগড়া, বালিকান্দি, খরস, ঠাকুরবাড়িকান্দা, দশাল, চক লেংগুড়া, দক্ষিণ ভবানীপুর, শৈলডহর এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। পৌরসভায় পানি সরবরাহ নেই। ফলে নিত্য ব্যবহার্য পানিসংকটে ভুগতে হয় পৌরবাসীকে। ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ও আল আমিন বলেন, নিজস্ব নলকূপ ও পানি সরবরাহ না থাকায় বাসায় বাসায় যারা পানি বিক্রি করে, তাদের কাছ থেকে পানি কিনে পান করতে হয়।ভবানীপুর-বিজয়পুর রাস্তার শিবগঞ্জ বাজার ও শৈলডহর এলাকার চারটি খালে সেতু না থাকায় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাহাড়ি নদী সুমেশ্বরী এ পৌরসভাকে তিন দিক থেকে ঘিরে রেখেছে। নদীভাঙন এ পৌরসভার আরেকটি সমস্যা। দীর্ঘদিন সংস্কার না করায় তেরীবাজার রাস্তা, দুর্গাপুর সদর ইউনিয়ন থেকে পৌরসভায় প্রবেশ করতে হাসপাতালসংলগ্ন রাস্তা, বিরিশিরি থেকে দুর্গাপুর বাজার পর্যন্ত প্রধান সড়ক, কেরনখলা সড়ক, দশাল-বালিকান্দি রাস্তা নাজুক হয়ে পড়েছে।আমলাপাড়া এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার বলেন, পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনাময় এ এলাকাটিতে আজও প্রয়োজনীয় যোগাযোগব্যবস্থা গড়ে ওঠেনি। অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র সরকার বলেন, পৌর শহরে নর্দমা ও পয়োনিষ্কাশনব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো শহর পানিতে সয়লাব হয়ে যায়।এসব সমস্যার বিষয়ে বর্তমান মেয়র ও আসন্ন নির্বাচনে বিএনপিসমর্থিত মেয়র পদপ্রার্থী শুভেন্দু সরকার বলেন, পৌরসভার উন্নয়নে তাঁর আন্তরিকতার কোনো কমতি ছিল না। পৌরসভার নিজস্ব তেমন কোনো আয় নেই। তাই অর্থসংকটে অনেক সমস্যার সমাধান হয়নি। তা ছাড়া বিদ্যুৎবিহীন এলাকাগুলোয় বিদ্যুতায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার ধরনা দিয়েও কাজ হয়নি। তৃতীয় শ্রেণীর পৌরসভায় পানি সরবরাহ আদৌ সম্ভব নয়। তাই পৌরসভাটিকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার আবেদন জানানো হয়েছে। এবার নির্বাচিত হলে পৌরসভার নানাবিধ সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করবেন। আওয়ামী লীগসমর্থিত মেয়র পদপ্রার্থী শ ম জয়নাল আবেদীন বলেন, পৌরবাসী আসলে পৌরসভার কোনো সুবিধাই পাচ্ছে না। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন।