‘নারায়ণগঞ্জ পৌরসভার তহবিলে ১২ কোটি ৭৯ লাখ টাকা রেখে যাচ্ছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার বিদায়ী মেয়র সেলিনা হায়াত আইভী বলেছেন, তিনি যখন দায়িত্ব নেন তখন পৌরসভার তহবিলে ছিল সাড়ে নয় লাখ টাকা। পৌরসভা দুই কোটি আট লাখ টাকার দেনা ছিল। এখন দায়িত্ব ছাড়ার সময় তিনি পৌরসভার তহবিলে ১২ কোটি ৭৯ লাখ টাকা রেখে যাচ্ছেন। গত সোমবার দুপুরে পৌর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।বিদায়ী মেয়র বলেন, গত ৮ বছরে নারায়ণগঞ্জ শহরে ১০৩ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। ৪০ কোটি টাকার উন্নয়নকাজ বর্তমানে চলমান আছে।সংবাদ সম্মেলনে আইভী তাঁর করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ দেন। তিনি নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে অংশগ্রহণের আশা প্রকাশ করেন।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিলুপ্ত পৌরসভার কাউন্সিলর ওয়ায়েদউল্লাহ, মোহর আলী, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জমশের আলী, অলিউদ্দিন অলি ও কামরুল হাসান এবং নারী কাউন্সিলর খোদেজা খানম, দিলারা মাসুদ, মিনোয়ারা বেগম প্রমুখ। এ ছাড়া নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সহসভাপতি রফিউর রাব্বি, গণফোরামের নেতা দেলোয়ার হোসেন চুন্নু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলমসহ রাজনীতিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলন শেষে আইভীকে নিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরে মিছিল বের করেন। প্রসঙ্গত, গত ৫ মে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের প্রজ্ঞাপন জারি হয়।