‘নারী উদ্যোক্তা সৃষ্টিতে সরকার কাজ করছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন দেশের সামগ্রিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতে নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য সরকার কাজ করছে। এ জন্য নারী উদ্যোক্তাদের শিল্প খাতে সম্পৃক্ত করতে ইতিমধ্যে বন্ধকবিহীন ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে তাঁদের বিসিক শিল্প নগরে অগ্রাধিকার ভিত্তিতে প্লট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল রোববার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রধান কার্যালয়ে আয়োজিত হেমন্ত মেলা ও কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এ কথা বলেন। নকশাকেন্দ্র আয়োজিত পাঁচ দিনব্যাপী এই মেলায় ৬০টি স্টল স্থান পেয়েছে। শিল্পমন্ত্রী আরও বলেন, ‘দেশব্যাপী ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প বিকাশে বিসিকের ভূমিকা রাখতে হবে।’ এ জন্য প্রয়োজনে বিসিকের কার্যক্রমকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী ও বিসিকের পরিচালক (বিপণন) মো. জাহাঙ্গীর মোল্লা। পরে বিসিকের নকশাকেন্দ্রে হস্ত ও কুটির শিল্পের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেওয়া ১৪৭ জনকে সনদপত্র দেওয়া হয়। বিজ্ঞপ্তি।