'নারী উদ্যোক্তাদের বড় সমস্যা পুঁজি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে পুঁজি একটি বড় সমস্যা। অনেক সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নারী উদ্যোক্তাদের ঋণ নেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করে। কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিতে নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার বিকল্প নেই। তাঁদের ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে আন্তরিক হতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে তৃতীয় এসএমই ব্যাংকিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজক চট্টগ্রাম উইমেন চেম্বার। উইমেন চেম্বারের মাসব্যাপী পণ্যমেলা প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। নারী উদ্যোক্তাদের ব্যাংক থেকে সহজভাবে ঋণ পেতে সহায়তা করা এ মেলার উদ্দেশ্য।
এসএমই ব্যাংকিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ওয়াসিকা আয়েশা খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের নির্বাহী পরিচালক বিষ্ণুপদ সাহা, ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জহিরুল আলম। চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেলা কমিটির চেয়ারম্যান আবিদা মোস্তফা ও কো-চেয়ারম্যান নিশাত ইমরান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়াসিকা আয়েশা খান বলেন, ‘১৭ বছর ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, অনেক সময় নারী উদ্যোক্তাদের ঋণ নেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়। নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকারের সদিচ্ছা আছে, বাংলাদেশ ব্যাংকও নারীদের ঋণ দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংককে তাগাদা দিচ্ছে। কিন্তু একধরনের মেন্টাল ব্লকের কারণে অনেক ব্যাংক ঠিকমতো উদ্যোক্তাদের সহায়তা করছে না।’
ওয়াসিকা আয়েশা খান বলেন, নারী উদ্যোক্তাদের ঋণ দিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আগ্রহী করে তুলতে হবে। বেসরকারি ব্যাংকগুলোকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। এ ছাড়া নারী উদ্যোক্তাদেরও ব্যাংক থেকে ঋণ নেওয়ার নিয়মকানুন ভালো করে জেনে নিতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের নির্বাহী পরিচালক বিষ্ণুপদ সাহা বলেন, নারী উদ্যোক্তাদের এসএমই ঋণ দেওয়ার জন্য সবগুলো ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া আছে। বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তাদের ব্যাপারে খুবই সংবেদনশীল। আর্থিকভাবে সহায়তা না পেলে উদ্যোক্তারা এগোতে পারবেন না। সরকার যদি মনে করে প্রয়োজনে নারীদের জন্য আলাদা ব্যাংক করা হবে।
চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক বলেন, ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে কঠিন শর্তের কারণে অনেক সময় নারী উদ্যোক্তাদের পিছিয়ে আসতে হয়। নারীদের জন্য এসএমই ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো কিছুটা নমনীয় হলে উদ্যোক্তারা উপকৃত হবেন।
অনুষ্ঠানের আয়োজকেরা জানান, এবারের মেলায় ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।