'নারী জনপ্রতিনিধিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে'
অনেক এলাকাতেই নারী জনপ্রতিনিধিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রকল্প প্রস্তাব দেওয়া থেকে শুরু করে মাসিক উন্নয়ন সভাতেও তাঁরা উপেক্ষিত থাকছেন।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকজন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এসব অভিযোগ করেন। স্থানীয় সরকার বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় মহিলা ভাইস চেয়ারম্যানরা নিজ নিজ এলাকায় কাজ করতে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও (ইউএনও) সহায়তা চান।
‘নারী উন্নয়ন ফোরাম-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, শিখন ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক এ কর্মশালায় চট্টগ্রাম বিভাগের ৮৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান অংশ নেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের পরিচালক দীপক চক্রবর্তী। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক রঞ্জন অধিকারী। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপপরিচালক মো. মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের সচিব সাব্বির ইকবাল, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রহমান, চট্টগ্রাম জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য, সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক বন্দনা দাশ।
কর্মশালায় মূল ধারণাপত্র উপস্থাপন করেন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের উন্নয়ন সহযোগী ইউএনডিপির জাতীয় পরামর্শক এ এফ এম সালেহ।
কর্মশালায় জানানো হয়, উপজেলা পর্যায়ে দক্ষতা বাড়ানো, সুশাসন নিশ্চিত, উপজেলা পরিষদগুলোকে আরও কার্যকর করে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ। এই প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী সদস্যদের অংশগ্রহণ বাড়ানো, পরিষদের নারীবান্ধব পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপজেলায় নারী উন্নয়ন ফোরাম গঠিত হয়েছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানরা এ ফোরামের প্রধান।
কর্মশালায় বিভিন্ন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানরা তাঁদের অপ্রাপ্তি, হতাশা ও অভিযোগের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, উপজেলা চেয়ারম্যানরা তো বটেই, অনেক ক্ষেত্রে ইউএনওরাও কাজে সহযোগিতা করেন না। কর্মশালায় কয়েকজন মহিলা ভাইস চেয়ারম্যান নিজেদের ইতিবাচক কর্মকাণ্ডের কথাও উল্লেখ করেন।
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক দীপক চক্রবর্তী বলেন, আইনে নারী জনপ্রতিনিধিদের যথেষ্ট অধিকার দেওয়া আছে। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কাজে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।