'নারী বা পুরুষ কেউ কাউকে ডিঙিয়ে যাক সরকার চায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সবক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করতে চায়, নারী বা পুরুষ কেউ কাউকে ডিঙিয়ে যাক, সেটি সরকারের উদ্দেশ্য নয়। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রথম নারী সচিব সুরাইয়া বেগম এই মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন ক্ষেত্রে ২৯ জন অগ্রগামী নারীকে পুরস্কৃত করা হয়। এর উদ্যোক্তা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ও ইউএসএআইডির কারিগরি সহায়তায় পরিচালিত একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম।
সুরাইয়া বেগম বলেন, ‘বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেনকে তাঁর ভাই পড়ালেখায় উৎসাহ জুগিয়েছেন। এগিয়ে নিয়েছেন তাঁর স্বামী। কাউকে ডিঙিয়ে কাউকে এগিয়ে দেওয়া সরকারের উদ্দেশ্য নয়। সরকারের উদ্দেশ্য, নারীরা যেন যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি পায় তা নিশ্চিত করা।’
অনুষ্ঠানে মাঠ পর্যায়ে প্রশাসনে কর্মরত সাতজন নারীকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কৃত হন ইউনিয়ন তথ্যকেন্দ্রের মাধ্যমে নিজেদের ভাগ্য বদলিয়েছেন এমন সাত নারী উদ্যোক্তাকে। এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নির্বাচিত তিনজন ‘জয়িতা’কেও আজ পুরস্কৃত করা হয়। পাঁচজন ‘সাহসী’ নারী তাঁদের জীবনের গল্প শোনান।
বাংলাদেশের প্রথম নারী ট্রেনচালক সালমা খাতুন বলেন, ‘আগে বলত, আপনি কি পারবেন? আমি ভাবছি, আমি যদি চলে যাই আর কোনো মেয়ে কখনো ট্রেন চালাতে আসবে না। ১২ বছর পরও তারা জিজ্ঞেস করে, আপনি কি কিছু ভাবতেছেন, অন্যদিকে যাবেন কি না?’
অনুষ্ঠান চলার সময় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলা চলছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার অনুষ্ঠানের প্রতিটি পর্বের পর খেলার খবর জানাচ্ছিলেন।
এক পর্যায়ে বাংলাদেশের সফল নারী ক্রিকেটার শাকিলা জাকির বলেন, ‘বাংলাদেশের নারী ক্রিকেটাররা অনেক ভালো করছেন। কখনো কি দেখেছেন নারী ক্রিকেটারদের খেলা নিয়ে কেউ এত উৎসাহ দেখায়? বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা যে টি–টোয়েন্টিকে বিশ্বসেরা অলরাউন্ডার, সে কথা কে জানে? আমি বলছি না ছেলেদের ক্রিকেটকে উৎসাহ দেব না, শুধু মেয়েদের ক্রিকেট নিয়েই কথা বলব। আমি নিজেও খেলার খোঁজখবর রাখছিলাম।’
অনুষ্ঠানে ইউএসএআইডির মিশন ডিরেক্টর জেনিনা জারুজেলেস্কি নারীদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তবে, বাবা-মার সম্মতিতে ১৬ বছর বয়সে বিয়ে দেওয়া যাবে বলে পত্রপত্রিকায় যে খবর বেরিয়েছে তা তাঁকে উদ্বিগ্ন করেছে বলে জানান।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এ–দেশীয় পরিচালক পলিন ট্যামেসিস বলেছেন, শিক্ষায় বিনিয়োগ একটি জাতিকে কত দূর এগিয়ে নিতে পারে, তার উদাহরণ বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম প্রমুখ।
এটুআই কর্মসূচি আজ একটি জেন্ডার নীতিমালার মোড়ক উন্মোচন করে। ওই অনুষ্ঠানে ইউনিয়ন তথ্যকেন্দ্রে যুক্ত ছিলেন এমন নারীদের ঝরে পড়ার কারণ খতিয়ে দেখা হবে বলে জানানো হয়।