'নারী লাঞ্ছনাকারীদের ধরতে না পারাটা এখন বড় উদ্বেগের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণের অনুষ্ঠানের নারী লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকালে সিলেট নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন করে সিলেট পেশাজীবী পরিষদ l ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণের অনুষ্ঠানের নারী লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকালে সিলেট নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন করে সিলেট পেশাজীবী পরিষদ l ছবি: প্রথম আলো

‘ঘটনা ঘটেছে বলে শনাক্ত হয়েছে। কিন্তু অপরাধী তথা নারী লাঞ্ছনাকারী গ্রেপ্তার হচ্ছে না। আমাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে এখন এটি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিচার না হলে সমাজই ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকারকে উদ্যোগী হয়ে এ ব্যাপারে আরও কঠোর হতে হবে।’ এ আহ্বান সিলেটের পেশাজীবীদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার সিলেট পেশাজীবী পরিষদ মানববন্ধন করে এক সমাবেশ থেকে এ আহ্বান জানায়।
নগরের কোর্ট পয়েন্টে বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আখতার উল ইসলাম। সিলেট মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ও সিলেট পেশাজীবী পরিষদের আহ্বায়ক আতাউর রহমান পীরের সভাপতিত্বে সমাবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিক সিরাজুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিলেট সেন্ট্রাল কলেজের পরিচালক জাহিদ হোসেন বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন পরিষদের সদস্যসচিব নুরুল ইসলাম।