'নারী লাঞ্ছনাকারীদের রুখো, প্রতিবাদকারীদের নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়কদের গ্রেপ্তার ও বিচার এবং ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সামাজিক প্রতিরোধ কমিটি। ছবি: মনিরুল আলম
বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়কদের গ্রেপ্তার ও বিচার এবং ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সামাজিক প্রতিরোধ কমিটি। ছবি: মনিরুল আলম

নববর্ষে নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। একই সঙ্গে তারা বর্ষবরণে নারী নিপীড়নকারীদেরও খুঁজে বের করার দাবি জানিয়েছে।
আজ মঙ্গলবার বিকেল তিনটায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে এই মানববন্ধন ও সমাবেশ চলে। এ সময় ‘নারী লাঞ্ছনাকারীদের রুখো, প্রতিবাদকারীদের নয়’; ‘নারী নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলো’; ‘নারীর ওপর হামলা কেন, পুলিশ প্রশাসন জবাব চাই? ’; ‘যৌন নিপীড়নকারীদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে’; ‘নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’; ‘নিরাপদ নগরী নির্ভয় নারী’; ‘শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি পালন করা গণতান্ত্রিক অধিকার’ লেখা ব্যানার ও প্লাকার্ড প্রদর্শন করা হয়।
মহিলা পরিষদ, ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্র (আসক), কেয়ার বাংলাদেশ, কর্মজীবী নারী, নারী প্রগতি সংঘ, মানুষের জন্য ফাউন্ডেশন, অক্সফাম জিবি, অ্যাকশনএইড, মহিলা মুক্তিযোদ্ধা সংসদ, গণসাক্ষরতা অভিযান, ওয়ার্ল্ড ভিশন, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রশিকা, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, নিজেরা করিসহ মোট ৬৮টি বেসরকারি সংস্থা ও নারী সংগঠনের কয়েক শ প্রতিনিধি এ মানববন্ধনে যোগ দেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন সংগঠনের ১৫ থেকে ২০ জন প্রতিনিধি বক্তব্য দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ‘২৬ দিন আগে পয়লা বৈশাখে নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল। আমরা সেই ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছিলাম। বিচার হয়নি। যারা এই ঘটনার প্রতিবাদ করার চেষ্টা করেছিল তাদের আবার নিপীড়ন করা হলো। আমরা আজ আবার তার বিচার চাইতে এসেছি।’
ফওজিয়া মোসলেম বলেন, ‘নববর্ষের নিপীড়নের ঘটনার পর আমরা পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলাম। তিনি আমাদের সময় দেননি। তার মানে কী? তিনি আরও খারাপ ব্যবহার করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এ ঘটনার বিচার চাই। যেই পুলিশ সদস্যরা নারী নিপীড়ন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সমাবেশে উপস্থিতি হয়ে জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাংসদ শিরীন আক্তার বলেন, ‘যেই পুলিশ সদস্যরা সেদিন নারী নিপীড়ন করেছে, ছবি দেখে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে। এই তো সেই পুলিশ যারা বিএনপি-জামায়াতের পেট্রল বোমা হামলার শিকার। তবে তাদের মধ্যে এরা কারা যারা নারী নিপীড়ন করে। এই ধরনের ন্যক্কারজনক ঘটনার বিচার হতে হবে।’
নারী প্রগতি সংঘের রোকেয়া কবির বলেন, ‘পয়লা বৈশাখে যেদিন নারী নিপীড়ন হয়, সেই হামলাকারীদের ধরতে পারে না পুলিশ। ব্লগার খুন হয় ধরতে পারে না পুলিশ। পুলিশের ব্যর্থতার কারণেই দেশে জঙ্গিবাদ বাড়ছে। এই পুলিশ প্রশাসন দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব নয়।’
ব্র্যাকের চিররঞ্জন সরকার বলেন, ‘একজন ছাত্রীকে পুলিশ যেভাবে নিপীড়ন করেছে সেটি সবার জন্য লজ্জার। যখন সন্ত্রাসীরা হামলা করে, যখন প্রগতিশীল লোক খুন হয়, তখন কোথায় থাকে পুলিশ বাহিনীর এই পৌরুষ? ’
গত ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বেশ কয়েকজন নারী নিপীড়নের শিকার হন। ওই ঘটনার সঙ্গে জড়িতদের কেউ গ্রেপ্তার না হওয়ায় গত রোববার মহানগর পুলিশ কার্যালয় ঘেরাও কর্মসূচি দেয় ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। কিন্তু মিছিলটি কাকরাইল মসজিদের পাশ দিয়ে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে (সার্কিট হাউস রোড) এলে একপর্যায়ে পুলিশ সেখানে তাদের পেটায়। এ সময় পুরুষ পুলিশ সদস্যরা কয়েকজন ছাত্রীকে নিপীড়ন করে। ধাওয়া খেয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকা ছাত্রীটিকেও চুলের মুঠি ধরে টেনে বের করে পেটায় পুলিশ। এই ঘটনার প্রতিবাদে আজকের এই কর্মসূচি পালন করা হয়।