‘নারীও মানুষ’ কথাটি মনে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নারীও মানুষ’ কথাটি মনে রাখতে হবে। পুরুষ যেমন মানুষ, নারীও তেমনি মানুষ। লিঙ্গবৈষম্য করে নারীকে দাবিয়ে রাখার কাজটি নির্বিঘ্নে করে যাচ্ছে পুরুষশাসিত বর্তমান সমাজের কিছু মানুষ। এ ব্যাপারে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। গতকাল শনিবার কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ‘ শীর্ষক এক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে উপস্থিত বক্তারা এসব কথা বলেন। স্কাউটার কাজী শাহীন খানের সভাপতিত্বে সেমিনারে আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তন্ময় দাস, সাংবাদিক মু. আ. লতিফ, নারীনেত্রী খালেদা ফেন্সি, জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবীর, এ কে নাসিম খান, শাকাউদ্দিন আহম্মদ রাজন প্রমুখ।মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা আহসান কবীর। প্রবন্ধে নারী ও শিশুকে বর্তমান সমাজব্যবস্থায় কীভাবে বিভিন্ন কায়দায় নির্যাতন করা হয়, তা উদাহরণসহ তুলে ধরা হয়। এর মধ্যে সম্প্রতি কিশোরগঞ্জে বিয়ের ১২ দিনের মধ্যে নববধূ মরিয়মকে পুড়িয়ে মারার ঘটনা, শিক্ষক রুমানার চোখ নষ্ট করা, স্বামীর অমতে লেখাপড়ার কারণে নরসিংদীর হাওয়া আক্তার জুঁইয়ের হাতের আঙুল কেটে নেওয়া, বাল্যবিবাহের বিভিন্ন ঘটনাসহ একাধিক ঘটনা তুলে ধরা হয়। প্রবন্ধে বলা হয়, সারা দেশে প্রতিনিয়ত অসংখ্য নারী নির্যাতনের ঘটনা ঘটে চলছে। তার মাত্র ২০ ভাগেরও কম সংবাদপত্র তথা মিডিয়ার কল্যাণে মানুষ জানতে পারে। তাই সংবাদকর্মীদের এসব নির্যাতনের ঘটনায় আরও উদ্যোগী ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।