'নারীকে শিক্ষিত হয়ে সমাজ বদলে অবদান রাখতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন নারীর জীবনে নানা রকম প্রতিবন্ধকতা থাকবেই, সেসব উত্তরণ করেই পথ চলতে হবে। এ জন্য নারীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সংসার ও সমাজ পরিবর্তনে অবদান রাখতে হবে।
গতকাল ‘আমরা বাংলাদেশের নারী, সমাজ বদলাতে পারি’ শীর্ষক অনুষ্ঠানে কথাগুলো বলেন দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। চার মাস মেয়াদি স্প্রিং টার্মের শিক্ষা কার্যক্রম শেষে এই অনুষ্ঠানের আয়োজন করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান বইপড়ার ওপর গুরুত্বারোপ করে ছাত্রীদের উদ্দেশে বলেন, বই মানুষের দৃষ্টিকে প্রসারিত করে। তাই বইপড়া অভ্যাসে পরিণত করতে হবে।
অনুষ্ঠানে ‘আমরা বাংলাদেশের নারী, সমাজ বদলাতে পারি’ শিরোনামে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছয় ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন তাহমিমা হোসেন। এ সময় বিজয়ীরা তাঁদের রচনার খানিকটা পাঠ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর তাঁর বক্তব্যে বইপড়া কর্মসূচির প্রশংসা করেন।
শুভেচ্ছা বক্তব্যে সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মালেকা বেগম বলেন, মেয়েরা তাদের সৃজনশীলতা কাজে লাগিয়ে দেশ গঠনে সহায়তা করছে। তারা নিজেদের জীবন বদলের পাশাপাশি সমাজও পরিবর্তন করছে।