'নারীদের প্রতি নেতিবাচক মনোভাবের বদল ঘটছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনিউরসের প্রেসিডেন্ট রোকিয়া আফজাল রহমান বলেছেন, বাংলাদেশের নারীদের উন্নয়নের অগ্রযাত্রা থেমে নেই। তবে নেতিবাচক দিক হলো, দেশে বাল্যবিবাহের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। এটি এখন পর্যন্ত বড় একটি চ্যালেঞ্জ।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান বলেন, শিক্ষিত, প্রগতিশীল অনেক পরিবারও নারীদের ঘরে বন্দী করে রাখতে চায়। এই প্রবণতা ভাঙতে হবে। তিনি বলেন, নারীর নিজের ও সমাজের উন্নয়নের জন্য শিক্ষা এবং অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি।
গতকাল সোমবার ঢাকাস্থ নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেন দূতাবাসের যৌথ আয়োজনে গুলশানে নরওয়ে রাষ্ট্রদূত সিসেল ব্লিকেনের বাসভবনে এক অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
গ্রামীণ দরিদ্র নারীরা কীভাবে নিজের পরিবার ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখছেন, তা তুলে ধরেন রোকিয়া আফজাল রহমান। তিনি বলেন, গ্রামীণ নারীদের ঘরের বাইরে যাওয়ার অনুমতি মেলা কঠিন। ব্র্যাক, আশাসহ বিভিন্ন বেসরকারি সংস্থা এই নারীদের দোরগোড়ায় গিয়ে ক্ষুদ্রঋণ পৌঁছে দিচ্ছে। ঋণের টাকা নিয়মিত পরিশোধ করছেন। স্বামী, শাশুড়ি তখন এই নারীকে সম্মান দেখানো শুরু করেন।
রোকিয়া আফজাল রহমান আরও বলেন, পুরুষেরা সিগারেট, চায়ের পেছনে টাকা ব্যয় করছেন আর নারীরা পুরো টাকা ব্যয় করছেন সংসারের জন্য। ক্ষুদ্রঋণদানকারী সংস্থাগুলো নারীদের ঋণ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছে। পোশাকশিল্পের নারী শ্রমিকদের কেন্দ্র করে বিভিন্ন কোম্পানি স্বল্প মূল্যের লিপস্টিক, কাজল তৈরি করছে। সার্বিকভাবে নারীদের প্রতি যে নেতিবাচক মনোভাব আছে, তাতে বদল ঘটছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনজন নারী নানামুখী সমস্যা মোকাবিলা করে সরকার, দাতা সংস্থা, এনজিও এবং বেসরকারি সংগঠনের সহায়তায় কীভাবে নিজের ও সমাজের উন্নয়নে কাজ করছেন তা তুলে ধরেন।
তিনজনের একজন বরিশালের সন্ধ্যা রানী মিস্ত্রি। তিনি বাল্যবিবাহের শিকার। বিয়ের অল্প কিছুদিন পরেই স্বামী মারা যান। শ্বশুরবাড়িতে ঠাঁই মেলেনি। ভাইয়েরা জমি বিক্রি করে ভারতে চলে যান। সন্ধ্যার পাশে দাঁড়ায় বাংলাদেশ মহিলা পরিষদ। এই সন্ধ্যা রানী তিন-তিনবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করে জনপ্রতিনিধি হন।
রুবিনা আহমেদ বিয়ের পর থেকে যৌতুকের জন্য নির্যাতনের শিকার। দাতা সংস্থার সহায়তায় পরিচালিত সরকারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার রুবিনার পাশে দাঁড়ায়। স্বপ্ন ছিল নিজে পুলিশ হবেন, হতে পারেননি। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে পুলিশ বানানোর স্বপ্ন দেখছেন রুবিনা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া রহমান বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বর্তমানে রাজশাহী ল ক্লিনিকে ইন্টার্নি করছেন। এ ধরনের কাজে কীভাবে যুক্ত হলেন, তা তুলে ধরেন এই তরুণী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নরওয়ে রাষ্ট্রদূত সিসেল ব্লিকেন। বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নেন সুইডেনের রাষ্ট্রদূত ইউহান ফ্রিসেল এবং ডেনমার্ক দূতাবাসের উন্নয়ন বিভাগের প্রধান পিটার ইয়েনসেন।