'নারীদের মানসিক শক্তি আরও বাড়াতে হবে'
নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনা ও বগুড়ায় গতকাল শনিবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
পাবনা জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে পাবনার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে এক দিনের নারী মেলা বসে। শুক্রবার দিবাগত রাত ১২টা এক মিনিটে মেলা শুরু হয়। মেলায় বিভিন্ন বেসরকারি সংস্থা ও নারী উদ্যোক্তারা তাঁদের কর্মকাণ্ড তুলে ধরেন। মেলা প্রাঙ্গণে নারী শিল্পোদ্যোক্তা ও ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন বলেন, নারীদের আর পিছিয়ে থাকার সময় নেই। পুরুষের পাশাপাশি নারীরাও এখন পরিবার ও সমাজ উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছেন। দেশকে এগিয়ে নিতে হলে নারীদের মানসিক শক্তি আরও বাড়াতে হবে।
বগুড়া জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে শহরের শহীদ খোকন পার্কের সামনে নারী উন্নয়ন মেলা হয়। ‘নারীর সমতাভিত্তিক উন্নয়নে চাই সুশাসন ও কার্যকর দুর্নীতি প্রতিরোধ’ প্রতিপাদ্য সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সচেতন নাগরিক কমিটি বগুড়ার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। বগুড়া জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরও দিনটি উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে।