‘নারীদের স্বাবলম্বী করতে পারলে দেশ এগিয়ে যাবে’
‘বিয়ের ক্ষেত্রে আমরা নারী অধিকার বিবেচনায় মোহরানা ধার্য করলে সেটা আমাদের সামর্থ্য অনুযায়ী করে থাকি। সামাজিক অবস্থার কথা চিন্তা করে মোহরানা যদি ওই দিনই দেওয়া হয়, তাহলে সেই নারী আর্থিকভাবে সচ্ছল হবে। আমাদের দেশের নারীদের যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।’ বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট ইউনিট আয়োজিত ‘বৈবাহিক সম্পর্কে নারীর অর্থনৈতিক অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় বক্তারা এ মতামত ব্যক্ত করেন। গতকাল শনিবার নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সিলেটের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান বক্তব্য দেন। কর্মশালায় উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ব্লাস্ট সিলেট ইউনিটের সাবেক সভাপতি আবদুল খালিক। কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি সেলের সমন্বয়কারী মাহবুবা আক্তারের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্লাস্ট সিলেটের সমন্বয়কারী মো. ইরফানুজ্জামান চৌধুরী। মূল বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ব্লাস্ট প্রধান কার্যালয়ের গবেষণা ও প্রকাশনা উপদেষ্টা জাহিদুল ইসলাম বিশ্বাস।