'নারীবান্ধব ঢাকা গড়তে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় (বাঁ থেকে) মাখদুমা নার্গিস, খোদেজা আক্তার, রেখা চৌধুরী, মালেকা বানু, আয়শা খানম, মাহ্‌ফুজ আনাম ও রাখী দাশ পুরকায়স্থ l ছবি: প্রথম আলো
রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় (বাঁ থেকে) মাখদুমা নার্গিস, খোদেজা আক্তার, রেখা চৌধুরী, মালেকা বানু, আয়শা খানম, মাহ্‌ফুজ আনাম ও রাখী দাশ পুরকায়স্থ l ছবি: প্রথম আলো

ঢাকা মহানগরকে নিরাপদ ও নারীবান্ধব করতে আইনি সেবা সহজলভ্য করতে হবে। এ ছাড়া প্রথাগত সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানো এবং সচেতনতাও জরুরি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নিরাপদ ও নারীবান্ধব ঢাকা মহানগর’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করতে অনুষ্ঠানটির আয়োজনে ছিল বাংলাদেশ মহিলা পরিষদ।
অনুষ্ঠানের শুরুতে লিখিত বক্তব্যে সংগঠনটির সহসভাপতি রেখা চৌধুরী বলেন, ঢাকা শহরে নারীর সংখ্যা প্রায় ৫৭ লাখ। দিন দিন কর্মজীবী নারীর সংখ্যা বাড়ছে। বাড়ছে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাঁদের অবদান। কিন্তু তাঁরা ঘরে-বাইরে-কর্মস্থল-শিক্ষাঙ্গনসহ সর্বত্রই নানা ধরনের সহিংসতা, বৈষম্যের শিকার হচ্ছেন; যা তাঁদের স্বাভাবিক শিক্ষা ও কর্মজীবনকে বিপর্যস্ত করছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, নানা কারণে দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের রাজধানীতে এসে অবস্থান করতে হয়। সে ক্ষেত্রে তাঁরা নিরাপদ আবাসিক সংকটের সম্মুখীন হন। হাট-বাজারও নারীবান্ধব নয়। এর পাশাপাশি যাতায়াতের ভোগান্তি থাকছেই।
অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘নারীর অধিকার আদায় ও নারীর জন্য নিরাপদ নগর প্রস্তুত কঠিন, বিষয়টি চ্যালেঞ্জিংও। তবে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে এর অনেকটাই করা সম্ভব।’ এ জন্য রাজধানীকে সিসিটিভির আওতায় নেওয়া এবং পুলিশ বাহিনীতে নারী প্রতিনিধি বাড়ানোর পরামর্শও দেন তিনি। পাশাপাশি তিনি জোর দেন প্রথাগত দৃষ্টিভঙ্গি বদলানোর ওপর।
মাহ্ফুজ আনাম বলেন, ‘আমরা পুরুষেরা যতই নারীর প্রতি সংবেদনশীল হই না কেন, পুরুষ হওয়ার কারণে আমাদের ভাবনার একটা সীমাবদ্ধতা থাকে। এ জন্য নারীর সমস্যাগুলো নারীদের মুখে শুনে সিদ্ধান্ত নিলে অনেক বেশি কার্যকর হবে।’
মহানগরকে নিরাপদ ও নারীবান্ধব করতে প্রয়োজনীয় করণীয় বিষয় ঠিক করতে মতবিনিময় সভাটির আয়োজন করা হয়। তবে আলোচনায় প্রাধান্য পায় নারী কাউন্সিলরদের বঞ্চনার কথা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নারী কাউন্সিলর লাভলী চৌধুরী বলেন, ‘আমরা নিজেরাই নানা বৈষম্যের শিকার। নিজেদের অধিকারের জন্য আন্দোলন করব, না নারীদের উন্নয়নে কাজ করব?’ তিনি আরও বলেন, ‘নারী-পুরুষ করতে করতে মরে গেলাম। কিন্তু এই বৈষম্য শেষ হবে না। এটা আমরা জেনে গেছি।’
একই সুর ছিল অন্য নারী কাউন্সিলরদের কণ্ঠেও। তাঁদের অভিযোগ, নারী কাউন্সিলররা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। কোনো ওয়ার্ডে কাজ করতে গেলেই পুরুষ কমিশনাররা বাধা দেন। তাঁদের বৈঠকে রাখা হয় না। একভাবে বলা যায়, স্বাক্ষর করার মধ্যেই তাঁদের আটকে রাখা হয়। এমনকি তাঁদের সঠিকভাবে মূল্যায়নও করা হয় না।
নারী কাউন্সিলর নারগীস মাহ্তাব বলেন, পুরুষ সহকর্মীদের পাশাপাশি প্রশাসন এবং অনেক ক্ষেত্রে জনগণও সহযোগী নয়।
ঢাকা মহানগরীকে নিরাপদ ও বাসযোগ্য করতে জনগণকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে নারগীস মাহ্তাব বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। সবাই মিলে কাজ করলে বিষয়টি অনেক সহজ হয়ে যায়।’
তবে নারী কাউন্সিলরদের প্রতি বৈষম্য ও বঞ্চনার অভিযোগের বিষয়ে দ্বিমত পোষণ করেন কাউন্সিলর হাসিবুর রহমান। তিনি বলেন, ‘কাজ করার ইচ্ছে থাকলে কাউকে থামিয়ে রাখা যায় না। নারী কাউন্সিলরদের কাজ করার সদিচ্ছা থাকতে হবে।’
অনুষ্ঠানে আলোচকেরা আরও বলেন, নারীকে প্রথাগত পারিবারিক সম্পর্কের (মা-বোন) বাইরে কর্মজীবী এবং দেশের একজন নাগরিক হিসেবে দেখতে হবে। তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। নারীদের কাজের সঠিক মূল্যায়ন ও অবদানের স্বীকৃতি দেওয়া জরুরি বলে মন্তব্য তাঁদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আয়শা খানম। তিনি বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সবাই মিলে কাজ করলে নারীবান্ধব একটি শহর তৈরি করা সম্ভব। তবে সে জন্য প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। নারীকেও নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।
মতবিনিময় সভায় গৃহীত সুপারিশগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপির মাধ্যমে দেওয়া হবে বলে জানান আয়শা খানম।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নারী-পুরুষ প্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।