'নারীবান্ধব হতে হবে পুরুষকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীর উন্নয়ন মানে দেশের উন্নয়ন। বর্তমান সরকার নারীবান্ধব সরকার। নারীর পূর্ণ মর্যাদা ও অধিকার নিশ্চিতের জন্য সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি পুরুষকেও নারীবান্ধব হতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিকদার, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, মানবাধিকার নেত্রী জেসমিন সুলতানা, বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের সহকারী পরিচালক আনজুমান বানু।

অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান বলেন, সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। নারী নির্যাতন প্রতিরোধ এবং নির্যাতিত নারীদের ন্যায্য আইনি সহায়তা প্রদানসহ বিভিন্ন সুবিধা পাওয়ার বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে। একজন নারী পুরুষের সমান অধিকার ও মর্যাদা ভোগ করবে এটাই সবার প্রত্যাশা।

মানববন্ধনে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য বলেন, পুরুষ যদি নারীবান্ধব হন তবে প্রতিটি সংসার সুখের হয়। নারীর অধিকার নিশ্চিতের জন্য সচেতনতার বিকল্প নেই।