'নারীর অবদানকে স্বীকৃতি দিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবিটি সকালে শহরের আদালত সড়ক এলাকা থেকে তোলা (ওপরে)।  চট্টগ্রাম নগরে শোভাযাত্রা ​  l প্রথম আলো
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবিটি সকালে শহরের আদালত সড়ক এলাকা থেকে তোলা (ওপরে)। চট্টগ্রাম নগরে শোভাযাত্রা ​ l প্রথম আলো

নানা আয়োজনে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম, নোয়াখালী, রাঙামাটি, খাগড়াছড়ি ও লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা ঘরে-বাইরে নারীর অবদানকে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চট্টগ্রাম নগর: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল তিনজন নারীকে সংবর্ধনা দিয়েছে উইমেন চেম্বার। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে উইমেন চেম্বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনাপ্রাপ্ত তিনজন হলেন জোবায়দা আশরাফ, রওশন আকতার ও সাবিনা ইকরাম সিরাজী। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড রাঁধুনীর ‘সেরা রাঁধুনী’ প্রতিযোগিতায় এই তিনজন নারী সেরা রাঁধুনি নির্বাচিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি গুলশান আলী। প্রধান অতিথি ছিলেন সাংসদ সাবিহা মুসা।
এদিকে সকালে শোভাযাত্রা বের করেন পুলিশের নারী সদস্যরা। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও এতে অংশ নেন। সকালে দামপাড়া পুলিশ লাইন মাঠে শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল। নগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার ও পুলিশ উইমেন্স নেটওয়ার্কের আঞ্চলিক কমিটি যৌথভাবে এ শোভাযাত্রার আয়োজন করে।
নগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ ও পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) মাহমুদা বেগমের নেতৃত্বে শোভাযাত্রাটি গরিব উল্লাহ শাহর মাজার ঘুরে আবার দামপাড়ায় এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রমুখ।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) সকালে ডিসি হিল চত্বর থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, একটি মহল নানা অযৌক্তিক ও অসাংবিধানিক দাবি তুলে নারীর অগ্রযাত্রার পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে নারীর অগ্রগতি তথা উন্নয়নের অগ্রযাত্রাকে স্থায়ী করতে প্রয়োজন সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ। ঘরে-বাইরে নারীর অবদানকে স্বীকৃতি দিতে হবে।
দিবসটি উপলক্ষে বিস্তার আর্ট কমপ্লেক্স ১৮ জন নারী আলোকচিত্রীর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। নগরের মেহেদীবাগে বিস্তার কার্যালয়ে এ প্রদর্শনী শুরু হয় গতকাল সন্ধ্যা সাতটায়। সমাজসেবী ও শৌখিন শিল্পী হাসিনা বানু প্রদর্শনীর উদ্বোধন করেন।
নোয়াখালী: নোয়াখালী শহরে গতকাল সাইকেল শোভাযাত্রা বের করা হয়। এতে পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহে আলমসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মী, যুবক ও কিশোর-কিশোরীরা অংশ নেন। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল ইসলাম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার, সহকারী পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী।
রাঙামাটি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন সাংসদ ফিরোজা বেগম। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
এদিকে রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহসভাপতি সোনা রানী চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িদেত চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, মহিলাবিষয়ক সম্পাদক কল্পনা চাকমা।
লক্ষ্মীপুর: মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে আলোচনা সভা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াছমিন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম প্রমুখ।
রামগড়: (খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ভুঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, ভাইস চেয়ারম্যান আবদুল কাদের।
বাঘাইছড়ি (রাঙামাটি): সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনের সামনের সড়কে মানববন্ধন করা হয়। উপজেলা পরিষদ আয়োজিত মানববন্ধন শেষে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউএনও মো. মুফিদুল আলম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা।