'নারীর ওপর নির্যাতন হচ্ছে কিন্তু বিচার হয় না'
‘বিচার পাওয়ার ক্ষেত্রে নারীর অভিগম্যতা খুব সীমিত। আবার নারী যখন বিচার চান, পান না। কিছু কিছু জায়গায় আমরা হতভম্বের মতো দাঁড়িয়ে আছি, যেমন তনু, নিতু, রুনি হত্যার ক্ষেত্রে। অনবরত নারীর ওপর নির্যাতন হয়ে যাচ্ছে; আমরা বিব্রত বোধ করি, কিন্তু এর বিচার হয় না।’
গতকাল বৃহস্পতিবার সিডও-বিষয়ক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সভাপতি সুলতানা কামাল। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে যৌথভাবে এর আয়োজন করে বেসরকারি সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ইউএন উইমেন।
সুলতানা কামাল বলেন, কিছু ক্ষেত্রে অধিকার পেলেও নারীর সম-অধিকারের বিষয়টি সমাজে এখনো অগ্রহণযোগ্য। সরকার সিডও (নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ) সনদে নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা থেকে সংরক্ষণ তুলছে না। এ ছাড়া বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ ধারা বিদ্যমান আইনগুলোর সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি সিডও সনদসহ নারীর সম-অধিকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ কি না, নীতিনির্ধারকের কাছে এর গ্রহণযোগ্যতা কতটুকু আছে—এ নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
ইউএন উইমেনের বাংলাদেশে এ দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন হান্টার বলেন, সিডও সনদ হচ্ছে নারীর প্রতি বৈষম্য রোধের একটি বড় হাতিয়ার। তবে সহিংসতার শিকার নারীর বিচারপ্রক্রিয়ায় অভিগম্যতা বাড়ানো না গেলে সেটার বাস্তবায়ন কঠিন। আর নারী ন্যায়বিচারের অধিকার না পেলে অন্য অধিকারগুলোও নিশ্চিত করা যাবে না।
অনুষ্ঠানে ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেনের সঞ্চালনায় এতে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।