
‘মোট ভোটারের অর্ধেকের বেশি নারী। অথচ নারী কাউন্সিলররা পুরুষ মেয়র ও সাধারণ কাউন্সিলরদের চাপে সেভাবে ভূমিকা রাখতে পারছেন না। একমাত্র মেয়রই পারেন পৌর এলাকায় সত্যিকারের উন্নয়ন নিশ্চিত করতে। পরিচ্ছন্ন পৌরসভা উপহার দেওয়ার পাশাপাশি নারীর কল্যাণে আমি যা পারব, অন্যরা তা পারবেন না।’
এভাবেই কথাগুলো বললেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রোকসানা পারভীন। শুধু আলমডাঙ্গা নয়, জেলার চারটি পৌরসভার মধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী একমাত্র নারীও রোকসানা পারভীন। তিনি ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র বাছাইয়ের পর রোকসানাসহ ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। রোকসানার বাড়ি পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাধিকাগঞ্জ বাবু পাড়ায়। রোকসানা বলেন, ‘আলমডাঙ্গা পৌর এলাকায় মোট ভোটার ২৩ হাজার ৮৬, যার মধ্যে ১১ হাজার ৮১২ জনই নারী। নারী ভোটাররা চাইলে মেয়র হওয়া সময়ের ব্যাপার।