'নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করতে হবে তরুণদের'
কন্যাশিশু বিবাহ রোধ, কম বয়সে গর্ভধারণ ও নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করতে হবে তরুণদের। কারণ, বাংলাদেশের বর্তমান জনগোষ্ঠীর এক-চতুর্থাংশই তরুণ। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) আয়োজিত কন্যাশিশু বিবাহ, অল্প বয়সে গর্ভধারণ এবং নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা তৈরির লক্ষ্যে অনলাইন আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম বলেন, নারীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে হবে। তাহলে নিজেরাই এ সহিংসতা রোধ করতে পারবে।
অনুষ্ঠানে ইউএনএফপিএ বাংলাদেশে প্রতিনিধি আর্জেন্টিনা ম্যাটাভেল পিসিন বলেন, বাংলাদেশে ৬৪ ভাগ মেয়ের ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায়। বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, বাংলাদেশে তরুণেরা সব সময় ভালো কাজের সঙ্গে থেকেছেন। তাই তরুণেরা এই চ্যালেঞ্জ মোকাবিলা সঠিকভাবে করবেন আশা করা যায়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনলাইন আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। ৪০০ তরুণের মধ্য থেকে নানা পর্বে বাছাইয়ের পর ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন প্লাবন গঙ্গোপাধ্যায়, দ্বিতীয় সাইফুল আজিজ ও তৃতীয় ফরিদ আলম খান। ক্রমান্বয়ে তাদের ৩০, ২০ ও ১০ হাজার টাকার চেক ও সনদ দেওয়া হয়।