'নারীর মুক্তিযুদ্ধ ও জীবনযুদ্ধ সেভাবে উঠে আসেনি'

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন মীর মোশাররফ হোসেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ দেন। লালমনিরহাট যুদ্ধে নেতৃত্ব দিতে গিয়ে তিনি আহত হন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাঁকে হত্যা করে পাকিস্তানি বাহিনী। সেই থেকে অন্য এক জীবনযুদ্ধ শুরু করেন তাঁর স্ত্রী রওশন আখতার। সেই যুদ্ধের কথাই উঠে এসেছে তাঁর ডায়েরিতে।
আজ সোমবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রীর ডায়েরি’ বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। তাতে উঠে আসে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের স্বপ্ন আর বর্তমান বাস্তবতা। অনুষ্ঠানে সব বক্তাই বলেন, নারীর মুক্তিযুদ্ধ আর জীবনযুদ্ধের স্বীকৃতি এখনো দেওয়া হয়নি।
অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘মুক্তিযুদ্ধের বই নিয়ে এর আগেও অনেক অনুষ্ঠানে যোগ দিয়েছি। কিন্তু শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রীর এমন প্রকাশনা অনুষ্ঠানে আসিনি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। কিন্তু রওশন আরা প্রতিদিন তাঁর যুদ্ধ চালিয়ে গেছেন। তাঁর জীবনের সেই উপলব্ধি থেকেই বইটি লেখা। আর নারী মুক্তিযোদ্ধা ও তাদের জীবনযুদ্ধের স্বীকৃতি উঠে এসেছে এই বইতে। আসুন আমরা মুক্তিযুদ্ধকে আমাদের জীবনের অংশ বানিয়ে লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করি।’
অনুষ্ঠানের সভাপতি কামাল লোহানী বলেন, ‘আমরা খুব আত্মভোলা জাতি। আমাদের চৈতন্যবোধ জাগা জরুরি। নয় মাস যুদ্ধ করেছি। রক্ত দিয়েছি। কিন্তু আজকে বাংলাদেশে রাষ্ট্রধর্ম বহাল। এই কী ছিল মুক্তিযুদ্ধের চেতনা? নিজেদের আর কতটা কপট আমরা বানাব? আসুন আমরা আমাদের মানবতাবোধ জাগ্রত করি।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘এই বইটি পড়তে গিয়ে আমি আমার ২১ বছরের জীবনে ফিরে গেছি। তখন আমি মুক্তিযোদ্ধা। আমরা যে সংগ্রাম করেছি সেটাই যেন এই বইতে উঠে এসেছে। মুক্তিযুদ্ধের পূর্বপ্রস্তুতির কথা যেমন আছে এই বইতে তেমনি মুক্তিযুদ্ধের পরের সংগ্রামের কথাও আছে। এই বইতে নারীর যুদ্ধ ফুটে উঠেছে।’
সাহিত্যিক রশীদ হায়দার বলেন, ‘রওশন আরার বুকের মধ্যে যে যন্ত্রণা তাই তিনি এ বইতে লিখেছেন।’ অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, ‘আমরা বৈষম্যহীন একটা সমাজ চেয়েছিলাম। সেটি হয়নি। এই বইতেই লেখিকা বলেছেন, আমাদের মধ্যে বাস করা জামায়াত, মুসলিম লীগ এ শত্রুরাই ভয়ংকর। আজকে মৌলবাদের অর্থনীতি ভয়াবহ শক্তিশালী।’
বইয়ের লেখক রওশন আরা আখতার বলেন, ‘জীবনে যে এমন দিন আসবে সেটা কখনো ভাবিনি। আমার ছেলেমেয়েরা এটা সম্ভব করেছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুশি কবির, মেঘনা গুহ ঠাকুরতা, সাংবাদিক আবু সাঈদ খান, মুন্নী সাহা, নাট্যকার মাসুম রেজা, লেখকের মেয়ে রুচিরা সুলতানা প্রমুখ।