'নারীরা উৎপাদন করে ভোগ করতে পারে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ নারীরা উৎপাদন করে। কিন্তু ভোগ করতে পারে না। নারী কৃষকদের কোনো মূল্যায়ন নেই। অথচ গ্রামীণ নারী ও কৃষকেরাই কৃষি অর্থনীতির মেরুদণ্ড।

আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ভূমি অধিকার, খাদ্য সার্বভৌমত্ব ও গ্রামীণ নারী’ শীর্ষক এক সেমিনারে খুলনার ভূমিহীন নারী কৃষক তপতী রাণী মণ্ডল এসব কথা বলে।
বেসরকারি সংস্থা নিজেরা করি, এএলআরডি ও বেলা’র যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আগামী ১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। কৃষি ও গ্রামীণ উন্নয়নে নারীর গুরুত্ব এবং অবদানের স্বীকৃতির দাবিতে প্রতি বছর এ দিবস পালিত হচ্ছে। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘ভূমি এবং সম্পদে অধিকারের দাবিতে সোচ্চার হও নারী। ভূমি ছাড়া জীবন অর্থহীন।’
সেমিনারে বক্তারা ঋণ খেলাপীদের টাকা আদায় করে গ্রামীণ নারীদের কৃষি ঋণ দেওয়ার দাবি জানানা। তাঁরা বলেন, বীজসংরক্ষন থেকে ফসল উৎপাদন, সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে গ্রামীণ নারীদের সিংহভাগ ভূমিকা থাকলেও কৃষক হিসেবে তাদের স্বীকৃতি ও মূল্যায়ন নেই। কৃষি ঋণ ও কৃষকের জন্য নেওয়া সরকারি সুযোগ-সুবিধা থেকে তারা সব সময় বঞ্চিত।
ফরিদপুরের নারী কৃষক হাজেরা বেগম বলেন, ‘আমরা নারীরা মাঠে-ঘাটে কাজ করছি, উৎপাদন করছি, বীজ রাখছি। পুরুষের চেয়েও বেশি কাজ করছি। কিন্তু সরকার বা ব্যাংক থেকে আমাদের কোনো সুযোগ দেওয়া হয় না। সুযোগ-সুবিধা পেলে গ্রামীণ নারীরা কৃষি ও উৎপাদনে আরও বেশি অবদান রাখতে পারবে।’
সেমিনারে আলোচনাপত্রে পরিবেশ আইনবিদ সমিতি-বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অক্সফামের ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের কৃষি খাতে নারীর কাজের অবদান ৬৬ ভাগ। অন্যদিকে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার ২০১১ সালের সমীক্ষায় বলা হয়েছে, পৃথিবীর মোট ৮৩ দশমিক ৬ ভাগ অপুষ্ট জনগোষ্ঠীর মধ্যে নারীর সংখ্যা ৫০ কোটি। কৃষি খাতে নারীর অবদান ৬১ ভাগ হলেও ভূমিতে নারীর মালিকানা মাত্র ১৮ ভাগ।
তিনি নারী কৃষকদের সমবায় গঠনে সরকারের উৎসাহ প্রদান করার দাবি জানিয়ে বলেন, বৈষম্যমূলক আইন, নীতি, চর্চা (মজুরির ক্ষেত্রে) বাতিল করে নারী কৃষকদের মজুরি নির্ধারণ করতে হবে। খাসজমি ও জলাভূমিতে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম বলেন, খাদ্য সার্বভৌমত্ব অর্জনের সংগ্রামটি ৭১-এর মুক্তিযুদ্ধের মতো আরেকটি সংগ্রাম। তিনি ভূমিহীন নারীদের জন্য সংসদে কোটা সংরক্ষণের দাবি জানান।
এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, গ্রামীণ নারীদের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনতে হবে। তাদের কাজের স্বীকৃতি না দিয়ে উন্নয়ন সম্ভব নয়। নারীদের সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা থাকতে হবে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রী নারীদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বললেও বাস্তবে নারীরা সেই ঋণ পায় না।
আলোচক পাভেল পার্থ বলেন, গ্রামীণ নারীদের নিজস্ব জ্ঞানকে ও তাদের অনুশীলিত ব্যবস্থাকে কোথাও স্বীকৃতি দেওয়া হয়নি। গ্রামীণ নারীকে আয় করার যন্ত্রে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে।
সভাপতির বক্তব্যে খুশি কবির বলেন, গ্রামীণ নারীদের খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় প্রচলিত বাজারকাঠামোর বিকল্প তৈরি করতে হবে।