'নারীরা কর্মক্ষেত্রে পুরুষদের চেয়ে বেশি সচেতন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, পুরুষ-শাসিত সমাজে নারীরা পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন। নারীদের এখন অবহেলা করার সুযোগ নেই। বরং নারীরা কর্মক্ষেত্রে পুরুষদের চেয়ে বেশি সচেতন থাকেন। অনেক বেশি কাজ করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনের সম্মেলনকক্ষে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নারীদের উদ্যোক্তায় পরিণত করার লক্ষ্যে ইউএনডিপি, বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী এসব কথা বলেন।
বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমেদের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের যুগ্ম পরিচালক এস এম মহসিন হোসেন, ব্র্যাকের প্রধান কার্যালয়ের জেজিঅ্যান্ডডি প্রোগ্রামের সমন্বয়ক খালেদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
পাওয়ার পয়েন্টের মাধ্যমে ব্র্যাকের ইকোনমিক এমপাওয়ারমেন্ট ফর পুওর অ্যান্ড ভালনারেবল ওমেন ইন বাংলাদেশ (ইইপি) প্রজেক্ট প্রেজেন্টেশন দেখান ব্র্যাকের সিনিয়র ম্যানেজার গোলাম মোস্তফা। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও নারী উদ্যোক্তোরা উপস্থিত ছিলেন।