'নারীরা মানসিকভাবেও এগিয়ে'
কর্মক্ষেত্রে নারী-পুরুষের যোগ্যতার বিতর্ক বন্ধ করার সময় এসেছে। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পড়াশোনা থেকে শুরু করে সর্বক্ষেত্রে নারীরা সফল হচ্ছে। তাঁরা মানসিকভাবেও অনেক এগিয়ে।
আজ বুধবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘সেলিব্রেটিং উইমেন অ্যাট ওয়ার্ক’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস উইমেন্স ফোরাম ও ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন, তথ্যপ্রযুক্তি খাতে যেকোনো ধরনের প্রশিক্ষণে নারীর জন্য ৩০ শতাংশ কোটা বরাদ্দ রয়েছে। উন্নয়নের ধারা এগিয়ে নিতে ২০২১ সালের মধ্যে এ খাতে নারীর ৫০ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক তাঁর জীবনে মায়ের এবং স্ত্রীর অবদানের কথা অনুষ্ঠানে তুলে ধরেন। তিনি বলেন, নারীরা ঘর এবং বাইরের উভয় কাজই অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলান। তাঁরা মানসিকভাবেও অনেক এগিয়ে। কিন্তু আমরা পুরুষেরা এখনো একটি জায়গায় আটকে আছি; যার পরিবর্তন করতে হবে। তিনি ‘নগর অ্যাপ’ নামক একটি অ্যাপের কথা উল্লেখ করে বলেন, এই অ্যাপ নারীদের নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে।
পৃথিবীর আর কোনো দেশে নারী দিবস উপলক্ষে এমন বর্ণিল আয়োজন দেখেননি উল্লেখ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, এ দেশের নারীরা কৃষি, পোশাক শিল্পসহ সবক্ষেত্রে ভালো করছে, যা নারীর ক্ষমতায়নকে আরও পোক্ত করবে।
বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির সভাপতি লুনা শামসুদ্দোহা বলেন, ‘আমার ২৫ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে দেখছি, নারীর জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে। এমন কোনো কাজ নেই; যা নারীরা দক্ষতার সঙ্গে করতে পারেন না।
অনুষ্ঠানে ২৬ জন নারীকে কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পেলেন: সুমনা শারমিন, সারা হোসেন, ডা. মেহতাব খানম, শমী কায়সার, ফারহানা নিশো, বিটপী দাস চৌধুরী, সুরাইয়া বেগম, পারভীন মাহমুদ, রূপালী চৌধুরী, ড. ফাহমিদা খাতুন, হামিদা আলী, নিনলা আহমেদ মুসা, এইচ ই মুনা তাসনিম, মাহমুদা আফরোজ লাকি, আফরোজা পারভিন, ডা. তাহেরা নাজরিন, জাহানারা আকতার, পারভিন এস হুদা, শাহরিয়া শারমিন, স্বপ্না ভৌমিক, জেসমিন আকতার ফাতেমা, সাবিনা হোসেইন, ডা. সুরাইয়া পারভিন, সৈয়দা খাদিজা দিনা, নাজিয়া আন্দালিব প্রিমা, আলিয়া মান্নান।
অনুষ্ঠানে বেসিসের সভাপতি মোস্তফা জব্বার, সহসভাপতি ফারহানা এ রহমানসহ দেশের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।