'নাশকতা না হলে পাসের হার বেশি হতো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: ফোকাস বাংলা
গণভবনে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: ফোকাস বাংলা

বিএনপি-জামায়াত নাশকতাসহ আত্মঘাতী কর্মকাণ্ড না চালালে এইচএসসিতে পাসের হার আরও বেশি হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে গণভবনে তাঁর কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী ওই পরিস্থিতির মধ্যে পড়াশোনা করে কষ্ট করে পরীক্ষা দিয়ে পাস করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি অভিভাবকদেরও অভিনন্দন জানান। বিজ্ঞানে পাসের হার বাড়ায় এবং মেয়েরা ভালো ফল করার বিষয়টিকে ইতিবাচক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। ওই অবস্থায় পরীক্ষা হয়েছে। পরীক্ষার দুই মাস পূর্ণ হওয়ার একদিন আগেই আজ ফল প্রকাশ করা হলো। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার ওপর জোর দেয় বলেই এটি সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী শিক্ষার বিস্তারে তাঁর সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, দরিদ্র শিক্ষার্থীদের জন্য প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। যেসব উপজেলায় সরকারি স্কুল-কলেজ নেই, সেখানে একটি করে নতুন স্কুল-কলেজ বা পুরোনো স্কুল-কলেজের কোনো একটিকে সরকারি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত জনগোষ্ঠী না হলে দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না। তাঁর সরকার তাই নানাভাবে শিক্ষার বিস্তারে কাজ করছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।