'নাসির হায়দারের ওপর হামলাকারীরা অনুপ্রবেশকারী'
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক নাসির হায়দারের ওপর হামলাকারীরা জামায়াত-শিবিরের অনুপ্রবেশকারী বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
বিকেলে চট্টগ্রাম নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন বলেন, ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে আগে থেকে ওত পেতে থাকা জামায়াত-শিবিরের অনুপ্রবেশকারী ছাত্রলীগ নামধারীরা নাসির হায়দারের ওপর হামলা করেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, কেন্দ্রীয় নেতারা ঘটনাটির তাৎপর্য গভীরভাবে পর্যবেক্ষণ করতে ব্যর্থ হয়েছেন। কেন্দ্রীয় নেতারা ঘটনার মূল হোতাদের সংগঠন থেকে বহিষ্কার না করে নামমাত্র বিচার করেছেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও পক্ষপাতমূলক আচরণ করছে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সাত দফা দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক।